কাঠমান্ডু, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের নতুন প্রধানমন্ত্রী পুস্প কমল দাহাল ওরফে প্রচন্ড বেইজিং অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে চীন সফরে যেতে পারেন। মাওবাদী দলের একজন কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনে গেলে এটাই হবে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফর।
পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড রাজতন্ত্র থেকে উত্তীর্ণ নেপালের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সোমবার শপথগ্রহণ করেন।
মাওবাদী দলের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা জানিয়েছেন, চীনের রাজধানীতে রোববার অনুষ্ঠেয় অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রচন্ডকে আমন্ত্রণ জানিয়েছে।
তিনি বলেন, "আমরা প্রধানমন্ত্রী প্রচন্ডকে অন্যান্য বিদেশি রাষ্ট্রনায়কদের সঙ্গে অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।"
নেপাল বেশ কয়েকমাস ধরেই রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এর আগে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নেপালের প্রতিনিধিত্ব করতে একজন সাবেক মন্ত্রীকে পাঠানো হয়।
মাহারা বলেন, "অলিম্পকের জন্য এটি জোরালো আমন্ত্রণ।"
এছাড়াও নেপালের প্রতিবেশী দেশ ভারতও নেপালের প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, প্রচন্ডের ভারত সফর সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত রহয়নি।
২০০৬ সালে শান্তিচুক্তির মধ্য দিয়ে নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে মাওবাদী বিদ্রোহের অবসান ঘটার পর বর্তমানে সরকার গঠন একটি বড় ধরনের পদক্ষেপ।
গত এপ্রিলে নেপালের বিশেষ গণপরিষদের নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ফলে নির্বাচনের পর চার মাস পেরিয়ে গেলেও সরকার গঠন নিয়ে দ্বন্দ্ব চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এলকিউ/১৩১১ ঘ.
bdnews24