২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথে পাকিস্তান সরকার

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তানের জোট সরকার। সেইসঙ্গে দেশের অবনতিশীল অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা সামাল দেওয়ার চিন্তা-ভাবনাও চলছে। মুশাররফের সঙ্গে জোট সরকারের সংঘাত অবসানকে স্বাগত জানিয়ে পাকিস্তানের পত্রপত্রিকাগুলো সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতি, জঙ্গিবাদ, ভারতের সঙ্গে সম্পর্ক ও আফগানিস্তান পরিস্থিতি সামাল দিতে সক্রিয়ভাবে কাজ শুরুর আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 05:28 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ইসলামাবাদ, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তানের জোট সরকার। সেইসঙ্গে দেশের অবনতিশীল অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা সামাল দেওয়ার চিন্তা-ভাবনাও চলছে। মুশাররফের সঙ্গে জোট সরকারের সংঘাত অবসানকে স্বাগত জানিয়ে পাকিস্তানের পত্রপত্রিকাগুলো সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতি, জঙ্গিবাদ, ভারতের সঙ্গে সম্পর্ক ও আফগানিস্তান পরিস্থিতি সামাল দিতে সক্রিয়ভাবে কাজ শুরুর আহ্বান জানিয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, ক্ষমতাসীন জোট সরকার নতুন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করেছে। সোমবার মুশাররফের পদত্যাগের পরপরই আলোচনা শুরু হয়। নতুন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়াও জোট সরকার এ মুহূর্তে মুশাররফের বরখাস্ত করা বিচারকদের পুনর্বহালের চেষ্টা নেবে। মুশাররফ ২০০৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা জারির পর বহু বিচারককে বরখাস্ত করেছিলেন। নির্বাচন কমিশনের মুখপাত্র কানওয়ার দিলশাদ এএফপি বার্তা স্ংস্থাকে বলেছেন, প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে। পাকিস্তানের 'দ্য ডন' পত্রিকা বলেছে, জোট সরকারকে এখন অবিলম্বে যৌথ একজন প্রার্থীকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিতে হবে। একাজে তাদেরকে সময়সাপেক্ষ রাজনৈতিক দরকষাকষি এড়িয়ে চলতে হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট পদের জন্য জারদারি অত্যন্ত বিতর্কিত ব্যক্তি। সেকারণে সরকার পাকিস্তানের ছোট কোনও প্রদেশ থেকে কাউকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করার কথা ভাবছে। প্রেসিডেন্ট পদের জন্য দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের ন্যাশনালিস্ট পার্টি থেকে মেহমুদ খান আখাকজি এবং দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ থেকেও একই নাম উল্লেখ করেছেন কর্মকর্তারা। জোট সরকার প্রেসিডেন্ট পদে একজন মহিলা প্রার্থীও মনোনীত করতে পারে। এ পদে মনোনীত হতে পারেন পার্লামেন্টের স্পিকার ফাহমিদা মির্জা। প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টির মতো বিতর্কিত নানা প্রশ্নের মুখে মুশাররফের ভাগ্যও এখন ঝুলে আছে। মুশাররফকে অভিসংশন থেকে রেহাই দেওয়া হবে কিনা এবং তিনি অবাধে পাকিস্তানে থাকতে পারবেন কিনা সে ব্যাপারে সোমবার কোনও ঘোষণা আসেনি। জোট সরকারের কর্মকর্তারা বলছেন, মুশাররফ অভিসংশন থেকে অব্যাহতি চাইছেন। কিন্তু পদত্যাগের ভাষণে মুশাররফ জাতিকে এ ধরনের কোনও কিছু বলেননি। তিনি কেবল বলেন, "আমি আমার ভাগ্য দেশ ও জাতির হাতে ছেড়ে দিয়েছি।" মুশাররফের ভাগ্য নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। জোট সরকারের কর্মকর্তারা এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তিনি সৌদি আরবে চলে যেতে পারেন। ওদিকে, জোট সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, মুশাররফ ব্রিটেনে কিংবা তুরস্কে চলে যাবেন। দ্য ডেইলি টাইমস পত্রিকা বলেছে, সরকারের তাকে শান্তিতে পাকিস্তানেই বসবাস করতে দেওয়া উচিত। কিন্তু তা সম্ভব হবে কিনা সেটিই এখন দেখা বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৯ঘ.