২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করেছেন মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ পদত্যাগ করেছেন। সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 08:29 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ইসলামাবাদ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ পদত্যাগ করেছেন। সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেন। টেলিভিশনে দেওয়া ওই ভাষণে জেনারেল পারভেজ মুশাররফ বলেন, "আইনি পরামর্শক এবং রাজনৈতিক সমর্থকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমার পদত্যাগপত্র আজই জাতীয় পরিষদে স্পিকারের কাছে পাঠানো হবে।" (আরও তথ্যসহ) এর আগে গত ৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন জোট মুশাররফকে অভিশংসনের পরিকল্পনা নেয়। এর পর থেকেই তার পদত্যাগের বিষয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। কিন্তু মুশাররফের মুখপাত্র এতদিন তার পদত্যাগের সম্ভাবনা নাকচ করে এসেছেন। গত শুক্রবারও পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। এদিকে, মুশাররফের পদত্যাগকে স্বাগত জানিয়েছে পাকিস্তান অর্থ বাজারের বিনিয়োগকারীরা। তারা এ পদত্যাগের মাধ্যমে রাজনৈতিক সঙ্কট দূর হবে বলে আশা প্রকাশ করেছে। পদত্যাগের খবর প্রচারের পরপরই পাকিস্তানের স্টক মার্কেটে সূচক চার শতাংশ বেড়েও গেছে। ১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফ সেসময়ের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে হটিয়ে ক্ষমতা দখল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/১৫০০ ঘ.