২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিক চলাকালেও তিব্বতিদের সঙ্গে অসদাচরণ করছে চীন: দালাই লামা

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, অলিম্পিক গেমস চলাকালেও তিব্বতিদের সঙ্গে অসদাচরণ করছে এবং সেখানে নিপীড়ন চালিয়ে যাচ্ছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2008, 10:05 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

প্যারিস, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, অলিম্পিক গেমস চলাকালেও তিব্বতিদের সঙ্গে অসদাচরণ করছে এবং সেখানে নিপীড়ন চালিয়ে যাচ্ছে চীন। তিব্বতের চীনা কর্তৃপক্ষের অলিম্পিকের চেতনার প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই বলে উল্লেখ করে শনিবার ফ্রান্সের একটি টিভি চ্যানেলকে তিনি এসব কথা বলেন। টিএফ-ওয়ান টেলিভিশনকে দালাই লামা বলেন, "দুর্ভাগ্যজনকভাবে তিব্বতের চীনা কর্মকতারা অলিম্পিকের চেতনার প্রতি কোনোই শ্রদ্ধা দেখাচ্ছেন না।" তিনি অভিযোগ করেন, "তথ্য বিতরণের ক্ষেত্রে সেখানে (তিব্বতে) অনেক বিধিনিষেধ আছে এবং কঠোর সেন্সরশিপ রয়েছে।" তিনি আরও বলেন, " বেসামরিক লোকদের প্রায়ই গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের এমনভাবে নির্যাতন করা হচ্ছে যে, তারা তাতে মারাও যেতে পারেন। এটা সত্যিই খুবই দুঃখজনক।" দুই সপ্তাহের সফরে এখন ফ্রান্সে রয়েছেন দালাই লামা। তার এ সফরের মূল লক্ষ্য যদিও ধর্মীয় সভায় যোগ দেওয়া তথাপি গত বুধবার ফরাসী আইনপ্রণেতাদের একটি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিব্বতে চীনের দমনাভিযানের তীব্র নিন্দা জানান তিনি। শনিবার ফ্রান্সের বিরোধী দলীয় নেত্রী এবং গত প্রেসিডেন্ট নির্বাচনে সারকোজির কাছে পরাজিত প্রার্থী সেগোলিন রয়েল এর সে ঙ্গ দেখা করেছেন দালাই লামা। তিব্বত সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সেগোলিন। ওদিকে, ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি দালাই লামার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানানোয় বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। সমালোচকরা বলছেন চীনের চাপের কারণেই দালাই লামার সঙ্গে দেখা করতে রাজি হচ্ছেন না সারকোজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৫৪ ঘ.