মস্কো, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়ার একজন শীর্ষস্থানীয় জেনারেল শুক্রবার বলেছেন যুক্তরাষ্ট্র-পোল্যান্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তির ফলে পোল্যান্ডে রুশ সামরিক হামলার সম্ভাবনা তৈরি হয়েছে। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স একথা জানিয়েছে।
রুশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ দ্য জেনারেল স্টাফ কর্নেল-জেনারেল আনাতোলি নগোভিস্তিন বলেছেন, রাশিয়ার সামরিক নীতিমালা অনুযায়ী এ পরিস্থিতিতে পোল্যান্ডে পরমাণু হামলার সুযোগ রয়েছে।
পোল্যান্ডে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা স্থাপনে বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড। এর বিনিময়ে পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।
নগোভিস্তিন'র উদ্ধৃতি দিয়ে ইন্টাফ্যাক্স জানায়, "যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে, পোলান্ডের স্বার্থে নয়। এর মধ্য দিয়ে পোলান্ড নিজেকে সামরিক হামলার জন্য উন্মুক্ত করে দিয়েছে। ১০০ ভাগ উন্মুক্ত।"
এছাড়াও তিনি জানিয়েছেন, রাশিয়ার বর্তমান নিরাপত্তা নীতিমালা অনুযায়ী সুনির্দিষ্ট পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের সুযোগ রযেছে।
রাশিয়া তার নিরাপত্তা নীতিমালাকে ২০০০ সালে পরিমার্জন করে এবং যে সব সংঘর্ষের ক্ষেত্রে পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে তার ক্ষেত্রও প্রসারিত করেছে।
তিনি বলেন, "এটা পরিষ্কার করে লেখা আছে, যে সব দেশের পরমাণু অস্ত্র রয়েছে তাদের ওপর এবং কোনো দেশ যদি তাদের পরমাণু অস্ত্র সমৃদ্ধ মিত্রকে কোনোভাবে সুযোগ তৈরী করে দেয় তাহলে সেসব দেশের ওপরও আমরা হামলা চালাতে পারব।"
ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা হিসেবে পোল্যান্ডে রকেট ঘাঁটি এবং চেক প্রজাতন্ত্রে রাডার স্টেশন স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এগুলো স্থাপিত হলে এই 'ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা' যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে বলেও দাবি করছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের দাবি, ভবিষ্যতে ইরান কিংবা আল-কায়েদা এ ধরনের ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৩৫ ঘ.
bdnews24