কাঠমাণ্ডু, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শুক্রবার দেশটির আইনসভা তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।
কয়েক সপ্তাহের রাজনৈতিক বিরোধ শেষে গণপরিষদের বিশেষ অধিবেশনে ভোটাভুটিতে প্রচণ্ড ৫৭৭টি ভোটের মধ্যে ৪৬৪টি পেয়ে বিজয়ী হয়ছেন। তিন বারের প্রধানমন্ত্রী নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দিউবাকে পরাজিত করেছেন তিনি।
গত এপ্রিলে নেপালের বিশেষ গণপরিষদের নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ফলে নির্বাচনের পর চার মাস পেরিয়ে গেলেও সরকার গঠন নিয়ে দ্বন্দ্ব চলছিল।
প্রচণ্ড নির্বাচিত হওয়ার পর তার সহকর্মী বাবুরাম ভট্টরাই বলেছেন, প্রচণ্ডসহ মাওবাদী রাজনীতিবিদরা এখন আর গেরিলা দলের কোনো পদে নেই। যুদ্ধের সময় তারা যেসব সম্পদ অধিকার করেছিলেন তাও ফিরিয়ে দেবেন। আজকের দিনটি (১৫ আগস্ট) ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রচণ্ডর নেতৃত্বে মাওবাদীরা নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে এর অবসান ঘটায়। গত এপ্রিলে নির্বাচনের পর অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে দক্ষ রাজনীতিকের মতো কাজ শুরু করেছেন ৫৩ বছর বয়সী প্রচণ্ড। কৃষি বিজ্ঞানের স্কুল শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেছিলেন তিনি। পরে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে জড়িয়ে পরেন এবং নেতৃত্বে চলে আসেন।
রাজনীতিতে প্রবেশের পর প্রচণ্ড জানান, নেপালের মাওবাদীরা 'ডগম্যাটিক কমিউনিস্ট' (কট্টর সমাজতন্ত্রী) নয়। বিশ্বায়ন ও মুক্ত বাজার অর্থনীতি এখন বাস্তবতা। বিশ্বের অন্যতম এই দরিদ্র্য দেশটির ভূমি সংস্কারের ব্যাপারে প্রতিশ্র"তি দিয়েছেন তিনি। নেপালের ৮০ শতাংশ মানুষ জীবিকার জন্য কৃষি কাজের ওপর নির্ভরশীল।
গত মে মাসে ২৩৯ বছরের রাজশাসনের অবসান ঘটিয়ে নেপালে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতা নেয়। প্রচণ্ড নেতৃত্বে মাওবাদীরা জাতীয় পরিষদের ৫৯৫টি আসনের মধ্যে ২২৭টি আসনে বিজয়ী হয়।
নেপালে রাজতন্ত্রের অবসান ঘটানোর লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে মাওবাদীরা সশস্ত্র বিদ্রোহ করে আসছিল। এ গৃহযুদ্ধে নির্বাচনের আগ পর্যন্ত প্রায় ১৩ হাজার লোক নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24