২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র- পোল্যান্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তি সই

পোল্যান্ড বৃহস্পতিবার নিজ ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার চূড়ান্ত সম্মতি দিয়েছে। ওয়াশিংটন চুক্তির পরিভাষা পরিমার্জন করার পর পোল্যান্ড এই সম্মতি দিল। জর্জিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে চলমান সঙ্কটের মধ্যেই এই চুক্তি করল যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2008, 07:20 AM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ওয়ারস, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পোল্যান্ড বৃহস্পতিবার নিজ ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার চূড়ান্ত সম্মতি দিয়েছে। ওয়াশিংটন চুক্তির পরিভাষা পরিমার্জন করার পর পোল্যান্ড এই সম্মতি দিল। জর্জিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে চলমান সঙ্কটের মধ্যেই এই চুক্তি করল যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে চুক্তিতে সই করেছেন পেল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে ক্রেমার এবং প্রধান মার্কিন আলোচক জন রুড। এই চুক্তিটিকে এখন দু'দেশের সরকারের অনুমোদন লাভের পাশাপাশি পোল্যান্ডের পার্লামেন্টেও অনুমোদন পেতে হবে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পোল্যান্ডের উত্তরাঞ্চলে ১০ টি অত্যাধুনিক রকেট বিধ্বংসী রকেট ঘাঁটি স্থাপন করতে পারবে। বিনিময়ে পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। ওয়াশিংটন বলেছে, রকেট ঘাঁটি এবং চেক প্রজাতন্ত্রে রাডার স্টেশন স্থাপিত হলে এই 'ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা' যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করবে। যুক্তরাষ্ট্রের ধারণা, ভবিষ্যতে ইরান কিংবা আল-কায়েদা এ ধরনের ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে। চুক্তি সইয়ের আগে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক বলেন, "আমরা শেষ পর্যন্ত এ ব্যাপারে মতৈক্যে পৌঁছেছি যে, ন্যাটো জোটভুক্ত এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসাবে পোল্যান্ডও নিশ্চয়ই এ ব্যবস্থায় নিরাপদ থাকবে।" কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তিতে যুক্তরাষ্ট্র বলেছে, তারা তৃতীয় কোনও দেশের কাছ থেকে হুমকির ক্ষেত্রে পোল্যান্ডকে সামরিক সহায়তা দেবে। এর বিনিময়ে পোল্যান্ডের মাটিতে স্থায়ী ঘাঁটি গাড়বে যুক্তরাষ্ট্র। রুড বলেন, "আমরা আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী চুক্তি করতে পেরে স্বস্তিবোধ করছি। এর মধ্য দিয়ে আমাদের নিরাপত্তা সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু হল।" পোল্যান্ডের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র এই ব্যবস্থার বিনিময়ে পোল্যান্ডকে দীর্ঘপ্রতিক্ষীত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি দিতেও রাজি হয়েছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা যায়। সবকিছু ঠিকঠাক মতো এগুলে ২০১২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি হয়ে যাবে বলে কর্মকর্তারা উল্লেখ করেন। চেক প্রজাতন্ত্র ইতোমধ্যেই তাদের মাটিতে মার্কিন রাডার স্টেশন স্থাপনের অনুমতি দিয়েছে। তবে ওই চুক্তিটিও এখনও পার্লামেন্টের অনুমোদন পাওয়া বাকি। যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থার ঘোর বিরোধিতা করে আসছে রাশিয়া। তারা একে নিজেদের স্বার্বভৌমত্বে হুমকি বলে মনে করে। পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়লে রাশিয়া এর পাল্টা জবাব দেওয়ার হঁশিযারি দিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৪ঘ.