ইসলামাবাদ, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পার্লামেন্টে অভিশংসনের পদক্ষেপ মোকাবেলা করার চেয়ে প্রেসিডেন্ট মুশাররফ বরং পদত্যাগ করবেন বলেই আশা করা হচ্ছে। 'দ্য ফিন্যান্সিয়াল টাইমস' পত্রিকা একথা বলেছে।
পাকিস্তানের পিপিপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সরকার গত সপ্তাহে মুশাররফকে অভিশংসন করার পরিকল্পনা প্রকাশের পর থেকেই তিনি পদত্যাগ করতে পারেন বলে জল্পনা-কল্পনা বাড়ছে।
কিন্তু মুশাররফের মুখপাত্র এ পর্যন্ত তার পদত্যাগের সম্ভাবনা নাকচ করে এসেছেন।
শুক্রবারও মুশাররফের পদত্যাগের সম্ভাবনা নাকচ করেছেন তিনি।
ওদিকে, মুশাররফের অভিশংসনের প্রস্তুতি নিচ্ছেন এমন এক কর্মকর্তা বলছেন, তিনি মুশাররফের পদত্যাগের খবরটি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে তিনি বলেন, মুশাররফ পদত্যাগ করবেন এরকম গুঞ্জন জোরালো হচ্ছে।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মুশাররফ অবসরে যাওয়ার দাবি করেছেন। তাছাড়া ক্ষমতা থেকে সরে যাওয়ার পর তাকে বিচার করার কোনও পদক্ষেপ না নেওয়ারও দাবি করেছেন তিনি।
সরকারি এক কর্মকর্তারা উদ্ধৃতি দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস জানায়, প্রভাবশালী সেনাবাহিনী মুশাররফের এই দাবি পূরণের ওপর জোর দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকা আরও জানায়, "নবনির্বাচিত জোট সরকারের সদস্যদের সঙ্গে মুশাররফের একটি চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্টকে অভিশংসন কিংবা কোনও অভিযোগে বিচার কোনওটাই করা হবে না। তিনি পাকিস্তানেই থাকবেন।"
ওদিকে, মুশাররফের মুখপাত্র তার পদত্যাগের সম্ভাবনা নাকচ করলেও 'দ্য নিউ ইয়র্ক টাইমস' জানিয়েছে, "মুশাররফ কিভাবে পদত্যাগ করবেন, তিনি পাকিস্তানে থাকতে পারবেন কিনা, নাকি বিদেশে আশ্রয় খুঁজবেন--- এ সমস্ত বিষয় নিয়ে তার প্রতিনিধিদের সঙ্গে জোট সরকারের আলোচনা চলছে।"
পিপিপি'র ঊর্ধ্বতন কর্মকর্তা ফরহাতুল্লাহ বাবর বলেছেন, মুশাররফ পদত্যাগ করতে পারে এমন জল্পনা বাড়ছে। সব ধরনের গুজবই শোনা যাচ্ছে। তবে সাদামাটা চোখে যা বোঝা যাচ্ছে তা হল মুশাররফ পদত্যাগ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১১০ ঘ.
bdnews24