ডালাস, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে নভেম্বর মাসের নির্বাচনে ধর্মভীরু ভোটারদের পক্ষে টানতে চাইছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা ও জন ম্যাককেইন। আগামী শনিবার তারা ধর্মীয় বিশ্বাস, এইডস ও পরিবেশের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।
যুক্তরাষ্ট্রে চার্চ ও সরকারের কাজের বিষয়টি প্রথাগতভাবে আলাদা হলেও প্রেসিডেন্ট নির্বাচনে ধর্মভীরু ভোটারদের রায় বরাবরই গুরুত্বপূর্ণ। আগামী শনিবার একটি অনুষ্ঠানে তাই দুই প্রার্থী প্রেসিডেন্ট হলে বিভিন্ন ধর্মীয় ইস্যুতে কী নীতি গ্রহণ করবেন তা জানতে চাওয়া হবে।
ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্টের স্যাডলব্যাক চার্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ওবামা ও ম্যাককেইনের কাছে বিভিন্ন প্রশ্ন করবেন চার্চের বিখ্যাত যাজক রিক ওয়ারেন। তবে দুই প্রার্থী কিছু সময়ের জন্য এক মঞ্চে উপস্থিত হবেন বলে আশা করা হলেও তাদেরকে আলাদা-আলাদাভাবে প্রশ্ন করা হবে।
হুস্টনের রাইস বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সমাজবিজ্ঞানী মাইকেল লিন্ডসে বলেন, "এটি সত্যিই ব্যতিক্রমী আয়োজন। এই প্রথমবারের মতো একজন যাজক দুই প্রার্থীকে নিয়ে এ ধরনের আয়োজন করছে। সেখানে উভয় প্রার্থীই ভোটারদের নিজের পক্ষে টানতে চাইবেন।
যুক্তরাষ্ট্রের প্রতি চারজনের একজন যিশুর অনুসারী। এই ভোটারা রিপাবলিকান পার্টির অন্যতম ভোটব্যাংক হিসেবে বিবেচিত হয়। রিপাবলিকান পার্টি প্রথাগতভাবে যুক্তরাষ্ট্রে গর্ভপাত ও সমকামিতার বিরোধী এবং ঐতিহ্যগতভাবে পারিবারিক বন্ধন টিকিয়ে রাখার পক্ষপাতি।
এ ধরনের বিভিন্ন কারণে ২০০৪ সালের নির্বাচনে শ্বেতাঙ্গ প্রটেস্ট্যান্ট খিষ্টানদের ৮০ ভাগ প্রেসিডেন্ট বুশকে ভোট দিয়েছিল। তবে এ বছর তাদের মনোভাবে কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে যদিও বড় অংশটা অবশ্যই রিপাবলিকানদের পক্ষেই রয়ে গেছে।
গত জুনে জণগনের ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে পিউ ফোরামের পরিচালিত এক জরিপে দেখা গেছে শ্বেতাঙ্গ প্রোটেস্টানদের ৬১ ভাগ ম্যাককেইনকে সমর্থন করেন। যেখানে ওবামার পক্ষে মাত্র ২৫ ভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/ ঘ.
bdnews24