হারারে আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মঙ্গলবার বিরোধীদলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি করতে রাজি হয়েছেন। তবে প্রধান প্রতিপক্ষ মর্গান স্যাঙ্গেরাইয়ের সঙ্গে তার এখনও সমঝোতা হয়নি। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি একথা বলেছেন।
জিম্বাবুয়েতে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট নিরসনে মধ্যস্থতা করছেন এমবেকি। তিনি বলেন, আলোচনা এখনও ভেঙে যায়নি এবং বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই এখনও তার অবস্থান বিবেচনা করছেন।
এমবেকি সাংবাদিকদের বলেন, "আমরা সব জটিল বিষয় নিয়ে আলোচনা করেছি। এ বিষয়গুলোতে মুগাবে এবং এমডিসি'র পক্ষ থেকে মুতামবারা রাজি হয়েছেন। কিন্তু একটি ব্যাপারে মতৈক্য হয়নি। এ বিষয়টি সুরাহার জন্য মর্গান স্যাঙ্গেরাই আরও সময় চেয়েছেন।"
এমবেকি সংকট সমাধানের ব্যাপারে আস্থা প্রকাশ করে বলেন, "এটি সম্ভব। এটি যে ঘটবে তাতে আমার কোনও সন্দেহ নেই। আর তাতে যদি এদেশে ছয়মাসও থাকতে হয় তাও করব আমি।"
মুগাবের জানু পিএফ পার্টির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আর্থার মুতামবারার সঙ্গে ইতোমধ্যেই একটি চুক্তি হয়েছে। তবে এমডিসি'র এক মখিপাত্র বলেছেন, একথা সত্য নয়। ওদিকে, এমবেকিও বলেছেন, চুক্তি সত্যিই সই হয়েছে কিনা তা তিনি জানেন না। তাছাড়া, স্যাঙ্গেরাইকে পাশ কাটিয়ে কোনও চুক্তি হয়ে থাকলে তাতে সঙ্কট নিরসন করা আরও কঠিন হয়ে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৮ঘ.
bdnews24