কেপ ক্যানাভেরাল, যুক্তরাষ্ট্র, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থাভাব ও প্রযুক্তিগত কারণে আগমী ২০১৩ সালে মহাকাশে নতুন নভোযান পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।
ওরিয়ন নামের নতুন একটি নভোযানে করে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নভোচারীদের পাঠানোর পরিকল্পনা ছিল নাসার। ২০১৫ সালে মহাকাশে নভোযান পাঠানোর নির্ধারিত লক্ষ্যমাত্রার অনেক আগেই ২০১৩ সালে নভোযান মিশনের ওই পরিকল্পনা করে নাসা। কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়নে তারা এখন অপারগ।
হুস্টনে নাসার জনসন স্পেস স্টেশনের প্রোগ্রাম ম্যানেজার জেফ হেনলি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "মহাকাশ কেন্দ্রে ওরিয়ন নামের ওই নভোযান মিশন এগিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা আর নেই। আমরা ওই প্রকল্প বাতিল করেছি।"
মাহাকাশ কেন্দ্রে নভোচারীদের আনা নেওয়ায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের নভোযানগুলো ২০১০ সালে অকেজো হয়ে পড়বে। এর পর নতুন নভোযান নামানোর আগ পর্যন্ত মহাকাশ কেন্দ্রে নভোচারী পরিবহনে নাসার অন্য কোনো উপায় থাকবে না। ২০১০ সালের পর থেকে নাসাকে এ কাজে রশিয়ার ওপর নির্ভর করতে হবে। অথবা বেসরকারি কোম্পানির কার্গোর মাধ্যমেও তারা একাজ করার কথা ভাবছে।
নাসা পরিকল্পনা করছিল দ্রুত নতুন একটি নভোযান নামাতে। তবে মার্কিন কংগ্রেস থেকে এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অভাবে তা সম্ভব হচ্ছে না।
সংস্থাটি এখন আশা করছে, ২০১৪ সালের সেপ্টেম্বরের মধ্যে তারা ওরিয়নকে উড্ডয়ন উপযোগী করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24