টোকিও, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানালেও পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রাথমিক সময়সীমা সোমবার উত্তর কোরিয়াকে সন্ত্রাসের তালিকা থেকে বাদ না দেওয়ার কথাই জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মাসাহিকো কোমুরা একথা জানিয়েছেন।
কোমুরা সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ওয়াশিংটন থেকে টেলিফোনে তাকে জানিয়েছেন, উত্তর কোরিয়ার নাম আপাতত তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না।
হোয়াইট হাউস স্পষ্ট করে বলেছে, পরমাণু কর্মসূচি যাচাইয়ের পরিকল্পনা তুলে ধরার ব্যাপারে উত্তর কোরিয়ার সঙ্গে সোমবারের মধ্যে কোনও চুক্তি হওয়ার আশা করছে না যুক্তরাষ্ট্র। তবে আলোচনা চলবে।
এই বিলম^কে স্বাগত জানাতে পারে জাপান। কেননা উত্তর কোরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হলে কয়েক দশক আগে উত্তর কোরিয়ার হাতে অপহৃত জাপানিদের নিয়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ কমে যাবে টোকিওর।
অপহরণের ওই ঘটনা নিয়ে পিয়ংইয়ং এবং টোকিওর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বাধা অপসারণের লক্ষ্যে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর শেনইয়েং এ সোমবার দুই দিনের বৈঠক শুরু করেছেন উত্তর কোরিয়া ও জাপানের কর্মকর্তারা।
ওয়াশিংটন থেকে ঘোষণা করা হয়েছিল ১১ আগস্টের মধ্যে পিয়ংইয়ং তার পরমাণু কর্মসূচি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে দিলে তাদেরকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, 'এটি কোনও নির্ধারিত সময়সীমা ছিল না'।
উত্তর কোরিয়াকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার মানে এর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া। সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিলে দেশটির আন্তর্জাতিক ব্যাংক ব্যবস্থা এবং বহুজাতিক সাহায্য প্রাপ্তির পথে অন্তরায়ও কেটে যাবে।
ওদিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়াকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুন তায়ে-ইয়ং বলেন, "একবার সব যোগ্যতা অর্জন হলে এবং পরমাণু কর্মসূচি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান হয়ে গেলে যুক্তরাষ্ট্র যেকোনো সময়েই উত্তর কোরিয়াকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিতে পারে।"
সেইসেঙ্গ তিনি আরও বলেন, "আমরা প্রত্যাশা করছি উত্তর কোরিয়া অনুসন্ধানে সর্বাত্মক সহায়তা করবে যাতে তারা সন্ত্রাসী তালিকা থেকে বেরিয়ে আসতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১২ ঘ.
bdnews24