২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধে ওবামার পরাজিত মানসিকতার সমালোচনায় ম্যাককেইন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন শনিবার আবারও অভিযোগ করে বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা যুদ্ধক্ষেত্রে পরাজিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। ম্যাককেইন মনে করেন, দেশের সামরিক প্রধান হওয়ার যোগ্যতা ওবামার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 02:13 PM

লাস ভেগাস, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইন শনিবার আবারও অভিযোগ করে বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বারাক ওবামা যুদ্ধক্ষেত্রে পরাজিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। ম্যাককেইন মনে করেন, দেশের সামরিক প্রধান হওয়ার যোগ্যতা ওবামার নেই। অ্যারিজোনার সিনেটর ম্যাককেইন বলেন, "আমরা দুই প্রার্থীই প্রতিশ্র"তি দিয়েছি ইরাক যুদ্ধ শেষ করে আমাদের সেনাদের দেশে ফেরত আনব। কিন্তু দুজনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল, সেনা ফিরিয়ে আনার আগে আমি প্রথমে যুদ্ধে জিততে চাই।" আমেরিকার পঙ্গু যোদ্ধাদের এক জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। ম্যাককেইন জানান, ইরাকে মার্কিন সামরিক কৌশল সম্পর্কে ওবামা ভুল মূল্যায়ন করছেন এবং প্রকৃত অবস্থা অস্বীকার করে নিজেকে প্রতারিত করছেন। তিনি বলেন, "ইরাকে সেনা বাড়িয়ে সাফল্য পাওয়া গেছে। তারপরও ওবামা এর বিরোধিতা করে ভুল করছেন এবং করে চলেছেন। এমনকি এর আগেও তিনি আমেরিকার জয়ের পরিবর্তে পরাজয়ের পথ বেছে নিয়েছেন।" ম্যাককেইন আরও বলেন, "নির্বাচিত হলে তিনি আমেরিকার সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হবেন। তার ক্ষেত্রে এ ধরনের ভুল করা মানায় না।" তিনি বলেন, "ওবামা প্রথমে ইরাক যুদ্ধের বিরোধিতা করেছেন এবং পরে তিনি বদ্ধমূল ধারণা প্রকাশ করে বলেছেন, এই পদক্ষেপ ব্যর্থ হবে। আর চূড়ান্তভাবে তিনি ইরাকে সেনাদের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করে দিতে চেয়েছেন।" ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে বিতাড়িত করতে ২০০৩ সালে ইরাকে মার্কিন অভিযানের অন্যতম সমর্থক ছিলেন ম্যাককেইন। অন্যদিকে, ওবামা আগাগোড়া এই যুদ্ধের বিরোধিতা করে এসেছেন এবং সর্বশেষ গত বছর ইরাকে অতিরিক্ত সেনা পাঠাতে বুশ প্রশাসনের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪০ ঘ.