বেইজিং, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের রাজধানী বেইজিংয়ে ছোরা মেরে এক মার্কিন পর্যটককে হত্যা করেছে এক চীনা। অলিম্পিক গেমসের প্রথম দিন শনিবার বেইজিংয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র 'ড্রাম টাওয়ার'-এ ভ্রমণের সময় দুই মার্কিন পর্যটক ও তাদের গাইডকে লক্ষ্য করে এক চীনা হামলা চালালে এ ঘটনা ঘটে। নিহত ওই পর্যটক যুক্তরাষ্ট্রের অলিম্পিক ভলিবল কোচের আত্মীয়।
তাং ইয়ংমিং নামের ৪৭ বছর বয়সী এক ব্যক্তি ওই হামলা চালায়। তার ছুরির আঘাতে ঘটনাস্থলেই মার্কিন পুরুষটি মারা যান এবং অপর দু'জন আহত হন। হামলাকারী ওই চীনা এরপর ওই ভবনটির দুইতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
আহত মার্কিন নারী পর্যটক এবং তাদের গাইড হিসেবে কর্মরত এক চীনা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন এ হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে অভিহিত করেছে। বার্তা সংস্থা সিনহুয়া এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি।
চীনের রাজধানী বেইজিংয়ে বিদেশী পর্যটকদের ওপর হামলা একটি বিরল ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫৫৮ ঘ.
bdnews24