২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাবে ক্যাঙ্গারুর খামার

ভেড়া ও গবাদিপশুর বদলে ক্যাঙ্গারুর খামার করলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এক-চতুর্থাংশ কমবে। সম্প্রতি অস্ট্রেলিয়ার 'নিউ সাউথ ওয়েলস' বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। '

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2008, 07:24 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

সিডনি, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেড়া ও গবাদিপশুর বদলে ক্যাঙ্গারুর খামার করলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ এক-চতুর্থাংশ কমবে। সম্প্রতি অস্ট্রেলিয়ার 'নিউ সাউথ ওয়েলস' বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। 'কনজারভেশন লেটারস' নামের একটি আন্তর্জাতিক পত্রিকার সর্বশেষ সংখ্যায় ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, অষ্ট্রেলিয়ায় গবাদি পশুচারণের ফলে শতকরা ১১ ভাগ মিথেন গ্যাস নিঃসৃত হয়। সে তুলনায় ক্যাঙ্গারুর মিথেন নিঃসরণের হার খুবই সামান্য। ২০২০ সালের মধ্যে অস্ট্রেলিয়ার ৭০ লাখ গবাদিপশু এবং ৩ কোটি ৬০ লাখ ভেড়ার পরিবর্তে ১৭ কোটি ৫০ লাখ ক্যাঙ্গারু পালন করলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের হার এক বছরে ৩ শতাংশ কমবে-- এমনটিই বলা হয়েছে গবেষণায়। গবেষকরা জানিয়েছেন, ওই সংখ্যক ক্যাঙ্গারু থেকে গবাদিপশুর সমপরিমাণ মাংসই পাওয়া যাবে। জলবায়ু পরিবর্তনে মিথেন গ্যাস নিঃসরনটাই সবচেয়ে বেশি উদ্বেগের ব্যাপার। কেননা, প্রতি বছর ৫০ কোটি মেট্রিকটন মিথেন বাতাসে মিশে যাচ্ছে। এই পরিমাণ এত বেশি যে তা প্রাকৃতিকভাবে কমানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। কার্বন ডাই-অক্সাইডের তুলনায় মিথেন গ্যাসের কারণে ১০০ বছরের মধ্যে বিশ্ব উষ্ণায়নের সম্ভাবনা ২১ গুণ বেশি। মিথেন কার্বন ডাই অক্সাইডের চেয়ে জলবায়ুকে ২১ গুণ উষ্ণ করতে পারে। তবে বাতাসে কার্বনের চেয়ে মিথেনের রাসায়নিক স্থায়িত্ব কম। বাতাসে কার্বন ডাই-অক্সাইড ১০০ বছরও স্থায়ী হতে পারে। কিন্তু মিথেনের স্থায়িত্ব মাত্র ৮ থেকে ১২ বছর। গবেষণায় বলা হয়েছে, "বিশ্ব উষ্ণায়ন ঠেকানোর একটি স্বল্পকালীন এবং কাম্য লক্ষ্য হচ্ছে মিথেন গ্যাস নিঃসরণ কমানো।" তবে গবেষণায় আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ পশম ও গরুর মাংস উৎপাদনকারী দেশ অস্ট্রেলিয়ায় খামার ব্যবস্থা পরিবর্তন করা সহজ নয়। কেননা, গরুর মাংসের তুলনায় মানুষের খাওয়ার জন্য ক্যাঙ্গারুর মাংস খুব কমই বিক্রি হয়। এছাড়াও গবেষণায় বলা হয়েছে, "এই পরিবর্তনের জন্য সামাজিক ও সাংস্কৃতিক সমন্বয় এবং পুনর্বিনিয়োগের প্রয়োজন পড়বে। পশুরক্ষা আইন এবং ক্যাঙ্গারুর জাতীয় প্রতীকের মর্যাদা পরিবর্তন করে এপথে একটি প্রতিবন্ধকতা দূর করা যায়।" যদিও অস্ট্রেলিয়া ২০১০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কম হবে এমন বাণিজ্য ব্যবস্থার চেষ্টা করছে। কিন্তু সরকার জানিয়েছে, কৃষিক্ষেত্র এর মধ্যে থাকবে না। বিশ্বে মোট কার্বনের ১ দশমিক ৫ শতাংশ অষ্ট্রেলিয়া নিঃসরণ করে থাকে। এছাড়াও উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় মাথাপিছু কার্বন নিঃসরণের পরিমাণও বেশি। অস্ট্রেলিয়ায় মাথাপিছু কার্বন নিঃসরণের হার ২৮ দশমিক ১ টন। যা চীনের চেয়ে ৫ গুণ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২০০ ঘ.