ইসলামাবাদ, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে নীতিগতভাবে একমত হয়েছে দেশটির ক্ষমতাসীন জোটের মিত্ররা। পিপিপি নেতা আসিফ আলি জারদারি এবং মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে বৈঠকের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়।
জাতীয় পরিষদের আগামী অধিবেশনে আনুষ্ঠানিকভাবে অভিশংসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন জোট সরকারের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, "আগামী ১১ আগস্ট জাতীয় পরিষদের অধিবেশন ডাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি।"
জোট সরকারের নেতৃত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির এক নেতা বলেন, "হ্যাঁ, মুশাররফকে অভিশংসন করতে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি।"
তিনি জানান, অভিশংসন প্রক্রিয়া শুরু করতে আগামী সপ্তাহে পার্লামেন্টের নিম্ন কক্ষের অধিবেশন ডাকা হতে পারে।
ওই কর্মকর্তা আরও জানান, জোট নেতাদের বৈঠকের সীদ্ধান্ত ঘোষণার জন্য বৃহস্পতিবার বিকাল বা সন্ধ্যার দিকে সংবাদ সম্মেলন ডাকা হতে পারে।
তবে মুশাররফরে বিরুদ্ধে এই পদক্ষেপে পাকিস্তানে নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক এই অনিশ্চয়তার কারনে দেশের শেয়ার বাজার ইতোমধ্যে গত ২৩ মাসের মধ্যে সর্ব নিম্নে পৌঁছেছে। এছাড়া পাকিস্তানি মূদ্রা রুপির দাম গত জুলাইয়ের প্রথম দিকে সর্বকালের নিম্নে পৌঁছায়।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফ।
সাবেক সেনাপ্রধানের এ ধরণের লজ্জাজনক বিদায়ের ব্যবস্থায় সেনা বাহিনীর মধ্যে চরম বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। সেনা কমান্ডাররা বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। যদিও এই বৈঠককে নিয়মিত বৈঠকের অংশ বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এফএইচবি/১৭১০ ঘ.
bdnews24