ওয়াশিংটন, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি পিছিয়ে দিতে বুশ প্রশাসনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নেতারা। (আরও তথ্যসহ-১)
ভারত যদি আবারও পরমাণু পরীক্ষা চালায় তাহলে যুক্তরাষ্ট্রের আইন অনুসারে দেশটির সঙ্গে পরমাণু বাণিজ্য বাতিল করে দিতে হবে।
কিন্তু ভারত-মার্কিন চুক্তিতে এ আইন মেনে চলার নিশ্চয়তা না থাকায় তা এখনই অনুমোদনের বিরোধিতা করেছেন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান হাওয়ার্ড বারমান। চুক্তিটি মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়া পর্যন্ত তা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট দলের প্রতিনিধি এবং প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান হাওয়ার্ড বারমান এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসকে লিখেছেন, ২০০৯ সালের জানুয়ারিতে কংগ্রেসের আগামী অধিবেশনের আগ পর্যন্ত এ চুক্তি অনুমোদন পিছিয়ে দিতে পারলে ভাল হবে।
ওই চিঠিতে তিনি বলেন, "এ সমস্ত জটিল বিষয়গুলোকে পর্যালোচনার জন্য কংগ্রেসের আগামী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করলে ভাল হবে। তারা তখন পূর্ণাঙ্গ এবং বিশদ পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাবেন।"
আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষমতা ছাড়ার আগেই ভারতের সঙ্গে ওই চুক্তিটি স্বাক্ষর করতে চায় হোয়াইট হাউস।
প্রতিনিধি পরিষদ পররাষ্ট্র বিষয়ক নেতার এ আহ্বান সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২৫ ঘ.
bdnews24