এয়ারফোর্স ওয়ান , আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হোয়াইট হাউস বুধবার বলেছে, ইরানের বিরুদ্ধে আরও ব্যবস্থা নিতে হবে এবং তা 'শাস্তিমূলক' হবে বলেই তারা মনে করে। কারণ, তেহরান পরমাণু কর্মসূচি বন্ধের পশ্চিমা দাবির কোনও সদুত্তর দেয়নি।
হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বিদেশে মার্কিন এয়ারফোর্স ওয়ান ঘাঁটি থেকে বলেন,"আমরা সর্বশেষ যে উদার প্যাকেজ প্রস্তাব দিয়েছি তাতে ইরানের ইতিবাচক সাড়ার অভাবের কারণেই আমরা মনে করছি আমাদের শাস্তিমূলক আরও পদক্ষেপ নেওয়া ছাড়া কোনও উপায় নেই।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে সিউল থেকে ব্যাংকক সফরে যাওয়ার সময় পেরিনো বলেন, প্রস্তাবে ইরানের জবাব নিয়ে বৃহৎ শক্তিগুলো একযোগে একটি সম্মেলন আহ্বান করবে।
পরমাণু কর্মসূচি বন্ধ করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকা মর্মে শক্তিধর ছয় দেশের প্রস্তাবের জবাবে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের কাছে মঙ্গলবার চিঠি দিয়েছে ইরান। তবে এতে ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করার ব্যাপারে কোনও কিছু উল্লেখ করেনি।
পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ মীমাংসায় আলোচনা শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসাবে ছয় বিশ্বশক্তি ইরানকে ওই প্রস্তাব দেয়। পশ্চিমাদের আশঙ্কা, ইরান বেসামরিক কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।
ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেছেন, "চিঠিটি ছয় বিশ্বশক্তির দেওয়া প্যাকেজ প্রস্তাবের জবাব নয়। এ চিঠিতে পরমাণু কর্মসূচি বন্ধের ব্যাপারে কিছু বলা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২২ঘ.
bdnews24