জোহানেসবার্গ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ক্ষমতা ভাগাভাগি চুক্তির দ্বারপ্রান্তে চলে পৌঁছে গেছে ক্ষমতাসীন দল 'জানু-পিএফ' এবং বিরোধী দল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার 'দ্য স্টার' সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
তবে এ বিষয়ে ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায় নি।
আলোচনায় জড়িত অজ্ঞাত এক সূত্রের উদ্বৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ওই চুক্তি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই হবেন জিম্বাবুুয়ের প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রেসিডেন্ট রবার্ট মুগাবে প্রেসিডেন্ট হিসেবে থাকলেও পদটি হবে অনেকটা আনুষ্ঠানিক।
ওই সূত্র জানায়, "তারা এখন বিস্তারিত ঠিক করছেন।" সূত্র আরও জানায়, " যদিও কতটা সময় লাগবে সে বিষয়টি পরিষ্কার নয় তবুও চুক্তির বিষয়টি আর বেশি দূরে নেই।"
নির্বাচনের পর জিম্বাবুয়েতে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় আলোচনায় বসেন বিরোধী দলের নেতা মরগান স্যাঙ্গেরাই এবং প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
আলোচনায় মধ্যস্থতা করছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি। গত সপ্তাহের প্রথম দিকে আলোচনা ভেঙে যাওয়ার পর রোববার তা আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১০ ঘ.
bdnews24