জেরুজালেম, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচিত বর্তমান পরিবহনমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী রোববার বলেছেন, তারা ডানপন্থিসহ অন্য বিরোধী দলগুলোর সঙ্গে একটি ঐক্যজোট সরকার গঠনের চেষ্টা নিতে পারেন।
ধারণা করা হচ্ছে, জোট সরকার গঠনের এ পদক্ষেপ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে ক্ষতির মুখে ফেললেও ইসরায়েলে আগাম নির্বাচন এড়ানো সম্ভব হবে।
ঘুষ ও দুর্নীতির অভিযোগে পদত্যাগের চাপের মুখে থাকা ওলমার্ট গত বুধবার এক ঘোষণায় বলেছেন, সেপ্টেম্বর মাসে কাদিমা পার্টির সম্মেলনে তার উত্তরসূরী নির্বাচিত হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করবেন। ধারণা করা হচ্ছে, ওই নির্বাচনে পরিবহনমন্ত্রী শাউল মোফাজ বা পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি কাদিমা পার্টির নতুন নেতা নির্বাচিত হবেন।
রোববার তেল আবিবের কাছে এক সমাবেশে মোফাজ বলেন, সেপ্টেম্বরে কাদিমা পার্টির নেতৃত্ব নির্বাচনী প্রতিযোগিতায় তিনি নির্বাচিত হলে নভেম্বর মাসের মধ্যে তিনি একটি ঐক্যসরকার গঠন করবেন।
তিনি বলেন, "ইসরায়েলের সাধারণ নির্বাচনের প্রয়োজন নেই।"
একইদিন পররাষ্ট্রমন্ত্রী লিভনি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনিও একটি ঐক্যজোট সরকার গঠনের চেষ্টা করবেন।
লিভনি বলেন, "আমার বিশ্বাস, ইসরায়েলে ঐকমত্যের সরকার গঠনের প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৮১২ ঘ.
bdnews24