মেক্সিকো সিটি, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের ৩০ লাখ লোক এইডস চিকিৎসায় ওষুধ পেলেও ৬০ লাখ লোক ওষুধ থেকে বঞ্চিত রয়েছে। তাছাড়া এই ঘাতক ব্যাধি মোকাবিলায় পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীও নেই। পর্যাপ্ত চিকিৎসার অভাবে বিশ্বে প্রতিবছর এইডস এ মারা যাচ্ছে লাখ লাখ লোক। ফলে এই ব্যাধি নির্মূল করা এখনও অনেক দূরের পথ। এমনই মন্তব্য করেছেন জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস এর নির্বাহী পরিচালক পিটার পাইওট।
রোববার মেক্সিকো সিটিতে শুরু হওয়া এক বিশ্ব এইডস সম্মেলনে বিশেষজ্ঞরা বলেছেন, ঘাতক ব্যাধি এইডস মোকাবেলায় আরও স্বাস্থ্যকর্মী প্রয়োজন।
বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্মকর্তা, বৈজ্ঞানিক, ওষুধ কোম্পানি, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি সংগঠন এর প্রতিনিধিদের উপস্থিতিতে সপ্তাহব্যাপী এ সম্মেলনের শুরুতে জানানো হয়, স্বাস্থ্যকর্মীরা উচ্চ বেতনে উন্নত দেশে পাড়ি জমাতে থাকায় এইডস এর বিরুদ্ধে সংগ্রামরত অনেক উন্নয়নশীল দেশ বর্তমানে অভিজ্ঞ চিকিৎসক ও নার্স ঘাটতির সম্মুখীন।
সম্মেলনে উপস্থিত মালওবির 'মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস' এর চিকিৎসা সমন্বয়কারী মোজেস মাসাকুই রয়টার্সকে বলেন, "আরও চিকিৎসাকর্মীকে প্রশিক্ষণ এবং তাদেরকে উন্নত জীবন-যাপন করতে ও তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত বেতন দিতে আমাদের গরিব দেশগুলোকে সাহায্য করা প্রয়োজন।"
সম্মেলনে মাসাকুই'র বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা ইউএনএইডস এর নির্বাহী পরিচালক পিটার পাইওট বলেন, "(বিশ্বের) ৩০ লাখ লোক ওষুধ পাচ্ছে। তবে পাচ্ছে না ৬০ লাখ লোক। এইডস এর নির্মূল এখনও অনেক দূরে।"
তিনি বলেন, "প্রয়োজন এখনও যারা চিকিৎসা পায়নি তাদের কাছে চিকিৎসাসেবা পৌঁছানো।"
প্রসঙ্গত, এক কোটি ২০ লাখ লোকের বসতি মালাওবি'র ১২ শতাংশ লোক বর্তমানে এইচআইভি ভাইরাসে আক্রান্ত। দেশটিতে বর্তমানে এইডস রোগীর দেখা-শোনার জন্য একজন নার্সের আয় দিনে ৩ মার্কিন ডলার। এছাড়া সেখানে প্রশিক্ষিত এইডস চিকিৎসকেরও বেশ ঘাটতি রয়েছে।
ইউএনএইডস জানিয়েছে, বিশ্বে প্রতি বছর তিন কোটি ৩০ লাখ লোক এইডস ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং প্রতিবছর মারা যাচ্ছে ২০ লাখ লোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24