লন্ডন, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি/রয়টার্স) - রুশ লেখক আলেক্সান্ডার সোলঝেনিৎসিন আর নেই। রোববার রাতে মস্কোর কাছে তার নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
সোলঝেনিৎসিন এর ছেলে স্টিপান বার্তা সংস্থা ইতার তাস'কে জানিয়েছেন, মস্তিষ্কের রক্তরণ কিংবা হৃদরোগের জটিলতায় তিনি মারা যান।
বলশেভিক বিপ্লবের পরের বছর ১৯১৮ সালের ১১ ডিসেম্বর জন্ম নেন সোলঝেনিৎসিন। এরপর ১৯৪১ সালে হিটলারের সেনারা সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পূর্ব পর্যন্ত পদার্থবিদ্যা ও গণিত শাস্ত্রে পড়াশোনা করেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের একজন আর্টিলারি সেনা কর্মকর্তা হিসেবে দতার সঙ্গে দায়িত্ব পালন করেন সোলঝেনিৎসিন। যুদ্ধে তার অসীম সাহসিকতার জন্য দুই দুইবার পুরস্কৃতও হন তিনি। কিন্তু ১৯৪৫ সালে এক চিঠিতে জোসেফ স্ট্যালিনের সমালোচনা করায় তাকে নির্বাসনে পাঠানো হয়।
১৯৭০ সালে সাহিত্যে নোবেল বিজয়ী এ লেখক সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯৪ সালে রাশিয়ায় ফিরে আসেন।
সোলঝেনিৎসিন এর বিভিন্ন লেখায় স্ট্যালিনের বন্দিশালার নির্যাতনের পদ্ধতি চিত্রিত আছে। এসবের মধ্যে 'ওয়ান ডে ইন দ্য লাইফ অফ ইভান ডেনিসোভিচ' এবং 'দ্য গুলাগ আর্কিপেলাগো' (৩ খণ্ডে সমাপ্ত) উপন্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য।
সোলঝেনিৎসিনের মৃত্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি এক বিবৃতিতে সোলঝেনিৎসিনকে '২০ শতকের রাশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিবেক' হিসেবে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/১৪০৫ ঘ.
bdnews24