নয়া দিল্লি, আগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে রোবাবার একটি মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৪৫ জন হিন্দু পূর্ণ্যাথী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৭ জন। নিহতদের মধ্যে ৪০ জনেরও বেশি শিশু এবং অন্ততপক্ষে ৪৫ জন নারী রয়েছে। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রোববার রয়টার্সকে একথা জানিয়েছেন।
ঊর্ধ্বতন ওই পুলিশ কর্মকর্তা দালজিত সিং মানহাস বলেন, "সর্বশেষ আমার ১৪৫ জনের মৃত্যুর খবর পেয়েছি।" এর আগে তিনি জানিয়েছিলেন ১২৩ জন নিহত হয়েছে।
মানহাস বলেন, "মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতাল থেকে আরও নিহতের খবর আসবে বলে আমরা আশঙ্কা করছি।"
হিমাচলের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিলাসপুর জেলার একটি মন্দিরে লোহার রেলিং ভেঙে পড়ার পর আতঙ্কিত হয়ে সবাই দৌড়াদৌড়ি শুরু করলে পদপিষ্ট হওয়ার এই ঘটনা ঘটে।
এর আগে পুলিশ কর্মকর্তা কে কে ইন্দোরিয়া বলেন, "আমরা জানতে পেরেছি কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।"
প্রতিবছর এই সময় ওই মন্দিরে পূজা দিতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমায়। রোববার প্রায় তিন হাজার মানুষ একসঙ্গে মন্দির প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করলে একটি লোহার বেড়া ভেঙে পড়ে। এতে আতঙ্কিত মানুষজন ছোটাছুটি শুরু করলে ওই দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছে, মন্দিরে আগতদের বেশিরভাগ পার্শ্ববতী পাঞ্জাবের মানুষ। হতাহতদের মধ্যে অনেক শিশুও আছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরে দেখা যায়, হতাহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আহতরা এ সময় যন্ত্রণায় কাতরাচ্ছে।
বিমলা নামের এক পূণ্যার্থী টেলিভশন সাংবাদিকদের বলেন, "মন্দিরের ভেতরে অনেক মানুষ ছিল। এর মধ্যে আরও অনেকে সেখানে ঢোকার চেষ্টা করছিল। এ সময় একটি রেলিং ভেঙে পড়ে। তখন সবাই ছোটাছুটি শুরু করলে মানুষ একে অন্যের ওপর পড়তে থাকে।"
ভারতে ধর্মীয় উৎসবে এ ধরনের পদপিষ্ট হওয়ার ঘটনা নতুন কিছু নয়। মহারাষ্ট্রে ২০০৫ সালে পদপিষ্ট হয়ে ২৬৫ তীথর্যাত্রী নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২২২২ ঘ.
bdnews24