কলম্বো, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এলটিটিই গেরিলাদের রাজধানী হিসেবে পরিচিত উত্তর শ্রীলংকার কিলোনোচ্চিতে ঢুকে পড়েছে দেশটির সেনাবাহিনী। এলটিটিই'র শীর্ষ নেতা ভেলুপিল্লাই প্রভাকরণ ওই এলাকায় লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়ে থাকে।
ক্রমশ গেরিলা নিয়ন্ত্রিত এলাকার ভেতরে অভিযান চালাতে থাকা সেনারা ওই এলাকায় অগ্রসর হতে থাকলে শনিবার সেখানে এলটিটিইর সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ গেরিলা এবং ২ সেনা নিহত হয়। শ্রীলংকার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে, "মান্নার এবং কিলোনোচ্চি জেলার সীমান্তের একটি জায়গায় সীমান্ত অতিক্রম করেছে সেনারা।"
এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, সেনারা ওই এলাকায় গেরিলাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ও শক্তিশালী ঘাঁটি ভেলানকুলাম এর দখল নিয়ে নিয়েছে সেনারা।
তবে কয়েক মাস ধরেই উত্তরাঞ্চলে অগ্রসর হতে থাকা সেনারা উত্তর-মান্নার জেলার পুরোটা দখল করে নিয়েছে কি না সে বিষয়টি স্পষ্ট নয়।
শ্রীলংকার রাজধানী কলম্বোয় ১৫তম সার্ক সম্মেলন উপলক্ষ্যে এলটিটিই ১০ দিনের জন্য একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলেও সরকার তা প্রত্যাখ্যান করেছে এবং গেরিলা বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
দেশটির উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে জাতিগত তামিলদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের দাবিতে ১৯৮৩ সাল থেকে শুরু হওয়া এলটিটিই'র সশস্ত্র সংগ্রামে এ পর্যন্ত প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২২৫ ঘ.
bdnews24