ব্রাসেলস, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি বন্ধে বিশ্বশক্তিগুলোর দেওয়া প্যাকেজ প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য বেধে দেওয়া অনানুষ্ঠানিক সময়সীমা শনিবার শেষ হলেও কোনো জবাব দেয়নি ইরান। তবে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন, এজন্য তারা আরও কয়েকদিন অপেক্ষা করতে প্রস্তুত আছে।
ইরানের প্রতিনিধিদের সঙ্গে গত ১৯ জুলাই জেনেভায় বৈঠকে বসেন বিশ্বশক্তিগুলোর প্রতিনিধিরা। এখানে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধে দেওয়া প্যাকেজ প্রস্তাবের জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দেয় এবং তা না হলে তাদের আরও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়। ওই দিনের আলোচনায় প্রথমবারের মতো যোগ দেন মার্কিন প্রতিনিধি উইলিয়াম বার্নস।
ইউরোপীয় ইউনিনের এক কর্মকর্তা শনিবার বলেন, "ইরানের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।" তবে তিনি একথাও জানান যে, তারা কোনো জবাবের প্রত্যাশাও করেননি।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "আমরা কোনো নির্দিষ্ট সময়সীমার ওপরে খুব বেশি জোর দিচ্ছি না। তার থেকে বরং দু'এক দিন দেরিতে হলেও পরিস্কার জবাব আশা করছি।"
সহযোগিতার বিনিময়ে পরমাণু প্রকল্প বন্ধে গত ১৪ জুন ইরানকে নতুন প্যাকেজ প্রস্তাব দেয় বিশ্বশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পক্ষে ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানা ওই প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনৌশের মোত্তাকির কাছে হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরানকে সতর্ক করে বলে আসছে পরমাণু প্রকল্প বন্ধ না করলে ইরানকে আরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।
ইরানের দাবি, এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০০ ঘ.
bdnews24