বালসিলার, তুরস্ক, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের দক্ষিণাঞ্চলে শুক্রবার মেয়েদের স্কুলের একটি ছাত্রীনিবাস ধ্বসে ১৬ ছাত্রী নিহত ও কমপক্ষে ২৭ জন আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাশির আতালে জানিয়েছেন, গ্যাস বিস্ফোরণের ফলে ছাত্রীনিবাসটি ধ্বসে ওই দুর্ঘটনা ঘটেছে।
রাজধানী আঙ্কারা থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে টোরোস পাহাড়ি এলাকার বালসিলার গ্রামে একটি বিস্ফোরণের পর ৩ তলা ওই ছাত্রীনিবাসটি ধ্বসে পড়ে। এতে কমপক্ষে ১৬ ছাত্রী নিহত হয়। এছাড়া অনেকেই এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আতালে সাংবাদিকদের বলেন, "আমরা এ পর্যন্ত ১৬ জন নিহত ও ২৭ জন আহত হওয়ার কথা জানতে পেরেছি। এছাড়া ৪ থেকে ৬ জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।"
এলাকাবাসী জানিয়েছে, ভবনটি যখন ভেঙে পড়ে তখন সেখানে ছাত্রী ও শিক্ষকসহ ৫০ জনের বেশি উপস্থিত ছিল।
কনাইয়া প্রদেশের ওই ছাত্রীনিবাসটিতে ইসলামি শিক্ষা কোর্সের ছাত্রীরা থাকত। ছাত্রীদের সকলের বয়স আট থেকে ১৬ বছরের মধ্যে।
বিস্ফোরণে আহত ১৩ বছরের ছাত্রী মারভি আসবি জানান, তিনি বুঝতে পারেন যে নিচের তলা থেকে গ্যাসের গন্ধ আসছে। এর কিছুক্ষণের মধ্যে বিস্ফোরণ ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ ঘ.
bdnews24