২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওলমার্টের পদত্যাগে মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি আরও কঠিন হবে

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলামার্টের পদত্যাগের সিদ্ধান্ত চলতি বছরের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শন্তি চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ওয়াশিংটন, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলামার্টের পদত্যাগের সিদ্ধান্ত চলতি বছরের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শন্তি চুক্তি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এহুদ ওলমার্ট গত বুধবার ঘোষণা দেন দুই মাসের মধ্যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। সেপ্টেম্বরে তার দল কাদিমা পার্টি নতুন নেতা নির্বাচনের পরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে তিনি জানান। ঘুষ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ওলমার্ট পদত্যাগ করলে ইসরায়েলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং তাতে ডানপন্থী নেতা বেনজামিন নেতানিয়াহু জয়লাভ করতে পারেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জেরুজালেমের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওলমার্ট বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি কাদিমা দলের প্রাইমারিতে আমি অংশ নেব না, কিংবা নির্বাচনের বিষয়েও কোনো রকম আকাঙ্খা নেই আমার।" ওলমার্ট বলেন, "যখন (কাদিমা দলের) একজন নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাবেন, তখন আমি প্রধানমন্ত্রীর পদ থকে সরে দাঁড়াব এবং তাদেরকে দ্রুততা ও কার্যকারিতার সঙ্গে নতুন সরকার গঠনের সুযোগ করে দেব"। ওলমার্টের এ পদত্যাগের ঘোষণায় যুক্তরাষ্ট্রের উদ্যোগে চলমান ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার ভবিষ্যত নিয়ে হতাশা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। তবে ওলমার্ট বলেছেন যতদিন ক্ষমতায় থাকছেন ততদিন পর্যন্ত এ শান্তি প্রক্রিয়ায় কোনোরকম ঢিল দেবেন না তিনি। ওদিকে হোয়াইট হাউসও বলেছে, ওলমার্ট এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এ বছর মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি করার লক্ষ্য অপরিবর্তিতত আছে। ফিলিস্তিনি আলোচক সায়েব ইরাকাত বলেছেন, ওলমার্টের পদত্যাগের ঘোষণা সত্ত্বেও আলোচনা চলবে। কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি আলোচনা কিংবা সিরিয়ার সঙ্গে সরাসরি আলোচনার ক্ষেত্রে জটিল সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিদায়ী প্রধানমন্ত্রী হিসাবে ওলমার্টের রাজনৈতিক শক্তির অভাব দেখা দিতে পারে। আব্বাসের এক সহযোগী ইয়াসের আবেদ রাব্বো বলেন, "আমরা ওলমার্টের সিদ্ধান্তে দু:খিত। কিন্তু এটাই ইসরায়েলের সিস্টেম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/ ১৮৩০ ঘ.