২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলের পানি ছুঁয়ে এসেছে ফিনিক্স

মহাকাশযান ফিনিক্স প্রথমবারের মতো মঙ্গলের পানি ছুঁয়েছে এবং পরীক্ষা করেছে। এর মধ্য দিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসা মঙ্গলে পানির অস্তিত্বের সুনির্দিষ্ট প্রমাণ হাতে পেল। নাসার বিজ্ঞানীরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। মঙ্গলে জুনে বরফ খুঁজে পায় ফিনিক্স। সেই বরফ কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার পরই বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে পানির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার ওই ঘোষণা দিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2008, 06:47 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

লস এঞ্জেলেস, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাকাশযান ফিনিক্স প্রথমবারের মতো মঙ্গলের পানি ছুঁয়েছে এবং পরীক্ষা করেছে। এর মধ্য দিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসা মঙ্গলে পানির অস্তিত্বের সুনির্দিষ্ট প্রমাণ হাতে পেল। নাসার বিজ্ঞানীরা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। মঙ্গলে জুনে বরফ খুঁজে পায় ফিনিক্স। সেই বরফ কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার পরই বিজ্ঞানীরা মঙ্গলগ্রহে পানির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার ওই ঘোষণা দিলেন। ফিনিক্সের 'থারমাল এন্ড এভোলভড-গ্যাস' যন্ত্রপাতি বিশ্লেষক প্রধান বিজ্ঞানী উইলিয়াম বেয়নটন বলেন, "আমরা পানি পেয়েছি।" ফিনিক্সের যন্ত্রপাতির কথা উল্লেখ করে উইলিয়াম বলেন, "মার্স অডেসি অরবিটার দিয়ে পর্যবেক্ষণের আগে আমরা বরফ পানির উপস্থিতি দেখেছি এবং গত মাসে ফিনিক্সেও অদৃশ্য হয়ে যাওয়া বরফের চাঁই দেখেছে। তবে এবারই প্রথম মঙ্গলের পানি স্পর্শ এবং পরীক্ষা করা গেছে।" মঙ্গলে পানির অস্তিত্ব ছাড়াও সেখানে প্রাণের সন্ধান লাভের জন্য নাসা বৃহস্পতিবার ফিনিক্সের মঙ্গল অভিযানের সময় আরও পাঁচ সপ্তাহ বাড়িয়েছে। নাসার মঙ্গল অভিযানের প্রধান বিজ্ঞানী মাইকেল মেয়ার টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা মঙ্গল অভিযানের সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াচ্ছি।" সেইসঙ্গে মেয়ার আরও জানান, ২৫ মে মঙ্গলে ফিনিক্সের যাত্রার শুরু থেকে নির্ধারিত তিন মাস সময়ের জন্য ব্যয় ধরা হয়েছিল ৪২০ মিলিয়ন (৪২ কোটি) ডলার। এখন সময় বাড়ানোর ফলে বাড়তি খরচ হবে আরও দুই মিলিয়ন (২০ লাখ) ডলার। মঙ্গলে পানি এবং এবং জীবের বেঁচে থাকার প্রয়োজনীয় পদার্থের উপস্থিতি আছে কিনা বা ক্ষুদ্র কোনো জীবের অস্তিত্ব আছে কিনা তা খুঁজে বের করতেই নাসার এই মঙ্গল অভিযান। ফিনিক্স গত মে মাসে মঙ্গলে বরফের একটি পাতলা আস্তরণের ওপর অবতরণ করে। জুনে ফিনিক্সের তোলা ছবিতে দেখা যায় সেই বরফ গলে যাচ্ছে। বেয়নটন জানান, পরে ফিনিক্সের রোবটের মাধ্যমে সংগৃহীত মাটির নমুণা থেকে বুধবার দেখা গেছে, তাপের ফলে সেখানে বাষ্পের সৃষ্টি হয়েছে। এ থেকেই নিশ্চিত হওয়া গেছে যে, মঙ্গলে পানি আছে। এছাড়াও বিজ্ঞানীরা জানান, সময় বাড়ানোর ফলে মঙ্গলের মাটি কিংবা পানির আরও নমুনা নিয়ে বিশ্লেষণের সুযোগ পাওয়া যাবে। ফিনিক্সের প্রধান অনুসন্ধানকারী পিটার স্মিথ সংবাদ সম্মেলনে বলেন, "মঙ্গল মনুষ্য বাসের উপযোগী কিনা--- আশা করছি এ প্রশ্নের উত্তর আমরা দিতে পারব। ভবিষ্যতের অভিযানগুলোতে এই পরিবেশে কেউ খাপ খাইয়ে নিতে পারে কিনা তা পরীক্ষা করে দেখা হবে।" জুনে মঙ্গলের মাটিতে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে। মঙ্গলে পানির উপস্থিতির বৈজ্ঞানিক প্রমাণ ফিনিক্সকে পানি খোঁজার অভিযান থেকে মানুষের বসবাসের উপযোগীতা খোঁজার অভিযানের দিকে নিয়ে যাবে বলে জানান বিজ্ঞানী মেয়ার। তিনি বলেন, "মঙ্গলে মানুষ বাস করা সম্ভব কিনা বা মানুষ বসবাসের উপযোগী জায়গা আছে কিনা তা জানার পথেই এগুচ্ছি আমরা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১২০০ ঘ.