২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ যুদ্ধাপরাধ আদালতে হাজির কারাদিচ

বসনিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী, যুদ্ধকালীন সার্ব নেতা রদোভান কারাদিচকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘ যুদ্ধাপরাধ আদালতে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

দ্য হেগ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বসনিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী, যুদ্ধকালীন সার্ব নেতা রদোভান কারাদিচকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘ যুদ্ধাপরাধ আদালতে হাজির করা হয়েছে। প্রায় ১১ বছর আত্মগোপনে থাকার পর গত সপ্তাহে বেলগ্রেডের কাছের একটি এলাকা থেকে কারাদিচকে গ্রেপ্তার করে সার্বিয়ার সরকার। তার বিরুদ্ধে হেগ আদালতে দুইটি গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি সারায়েভোতে ৪৩ মাসের অবরোধ ও ১৯৯৫ সালে সার্বেব্রেনিকায় মুসলমানদের গণহত্যার অভিযোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপে সবচেয়ে জঘন্য ওই হত্যাযজ্ঞে প্রায় আট হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল। বুধবার সকালে নেদারল্যন্ডসে আনার পর একরাত কারদিচকে আদালতের একটি বন্দিশিবিরে রাখা হয়। এরপর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়। এ সময় তার পরনে ছিল ধূসর রঙের স্যুট। আদালতে তাকে বেশ অবসন্ন দেখা যাচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত ১৯৯৫ সালের সার্বেনিসা গণহত্যার জন্য জাতিসংঘের যুদ্ধপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত হন কারাদজিচ। ১৯৯৬ সালে আত্মগোপনে চলে যান তিনি। কারাদজিচের বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার ১৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আছে যুদ্ধাপরাধ, সারায়েভোতে প্রায় ১২,০০০ নাগরিককে হত্যার জন্য মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অন্যান্য বর্বরতার অভিযোগ, সার্বেনিসা হত্যাযজ্ঞের মাধ্যমে ৭,৫০০ মুসলিম তরুণ-তরুণী ও বয়স্ক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, বসনিয়ার মুসলিম ও ক্রোট রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ অন্যান্যদের বেআইনীভাবে নির্বাসিত ও বাস্তুচ্যুত করার অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৪৫ ঘ.