২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুধা মোকাবেলায় খাদ্য তহবিল বৈঠকে সার্ক পররাষ্ট্রমন্ত্রীরা

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণ এশিয়ায় জরুরি খাদ্য তহবিল ও খাদ্য মজুদ ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে বিস্তারিত আলোচনা শুরু করেছেন সার্কের পররাষ্ট্রমন্ত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

কলম্বো, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণ এশিয়ায় জরুরি খাদ্য তহবিল ও খাদ্য মজুদ ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে বিস্তারিত আলোচনা শুরু করেছেন সার্কের পররাষ্ট্রমন্ত্রীরা। শ্রীলংকার রাজধানী কলম্বোয় অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৫তম শীর্ষ সম্মেলনের আগে খাদ্য ও জ্বালানি নিরপত্তা ও সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো নিয়ে আলোচনায় বসেছেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ২ ও ৩ আগস্টে শীর্ষ নেতাদের সম্মেলনে এ সমস্ত বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীদের সুপারিশ উপস্থাপন করা হবে। রাষ্ট্র নেতারাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকার প্রধানদের বৈঠকে খাদ্য তহবিল ও খাদ্য মজুদ ভাণ্ডার গড়ে তোলার প্রস্তাব উপস্থাপন করা হতে পারে। সদস্য যে কোনো দেশ প্রয়োজনে এই তহবিল হতে সাহায্য নিতে পারবে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক সার্ক স্ট্যান্ডিং কমিটির এক সদস্য রয়টার্সকে বলেন, "খাদ্য তহবিল ও জমুদ ভাণ্ডারের গঠন ও ক্রিয়াপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করেছেন মন্ত্রীরা।" তিনি আরও বলেন, "খাদ্য তহবিলের প্রাথমিক মজুদ হতে পারে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন।" শ্রীলংকার পররাষ্ট্র সচিব পালিথা কোহান বলেন, "এবারের সম্মেলনে খাদ্য ও জ্বালানি নিরাপত্তাই মূখ্য ইস্যু। সব সদস্য দেশই এ বিষয়ে মতৈক্যে পৌঁছবে বলে ধরে নেওয়া যায়।" সার্কের সদস্য আট দেশের নেতারা দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তিকে আরও শক্তিশালী করতে এই সম্মেলনে পদক্ষেপ নিতে পারেন বলে আশা করা হচ্ছে। ২০০৪ সালে সম্পাদিত এই চুক্তি ২০০৬ সাল থেকে কার্যকর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০০০ ঘ.