ব্রাসেলস, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিষয়ক প্রধান পিটার ম্যান্ডেলসন মনে করেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রলম্বিত আলোচনা ভেঙ্গে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র অনেকাংশে দায়ী। যুক্তরাষ্ট্র ইইউ'র এ মনোভাবের বিরোধিতা করে পাল্টা অভিযোগে বলেছে কয়েকটি ইউরোপীয় দেশের বিরোধিতার কারণে ইইউ নিজেই কৌশলে খসড়া প্রস্তাবটিকে অকার্যকর করতে চেয়েছে।
কৃষি বাণিজ্য ইস্যুতে সাতটি বড় কৃষি শক্তির মধ্যে অচলাবস্থা দূর করতে মঙ্গলবার ইইউ'র একটি খসড়া প্রস্তাব বিশ্ব বাণিজ্য আলোচনার কেন্দ্রে চলে আসে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ভারতের পরষ্পর বিরোধী অবস্থানের কারণে শেষপর্যন্ত ওই আপোষ আলোচনা ভেঙ্গে যায়। চীনসহ অন্য উন্নয়নশীল দেশগুলো ভারতকে সমর্থন দেয়।
ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান প্রথমে যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করতে না চাইলেও আলোচনা ভেঙ্গে যাওয়ার পর বুধবার একটি ওয়েবব্লগে তার লেখায় ওয়াশিংটনের বিষয়ে তার হতাশা স্পষ্টআবেই প্রকাশ পায়।
পিটার ম্যান্ডেলসন লেখেন, "... বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান পাসক্যাল লামি সাত জাতি গ্র"পের আলোচনা নতুন করে শুরু করার আহ্বান জানালে ভারত এবং চীন তাদের শর্তাগুলো তুলে ধরে এবং যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবেই পুরো প্রস্তাবটিকেই প্রত্যাখান করে, যার ফলে লামি স্পষ্টতই হতাশ হয়ে পড়েন"।
তিনি আরও বলেন, "মনে হয়েছে .. যেসব ইস্যুতে আমরা ভিন্নমত পোষণ করেছি তা পুরো চুক্তিটির চেয়ে বড় হয়ে উঠেছে এবং কেউ কেউ সমস্যা সমাধানের চেয়ে তা আরও বাড়িয়ে তোলায় ভূমিকা রেখেছে।"
তিনি আরও মন্তব্য করেন যে, একটি ম্যারাথন দৌড়ের শেষ মাইলে পৌঁছে ব্যর্থ হওয়ার মতোই খারাপ হয়েছে এ আলোচনা ভেঙ্গে যাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০০ ঘ.
bdnews24