গুয়ান্তানামো উপসাগর মার্কিন নৌ ঘাঁটি, কিউবা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের এবিসি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে সেদেশে পরিচিতি চেয়েছিলেন আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। বিন লাদেনের সাক্ষাৎকার গ্রহণকারি এবিসি'র সাংবাদিক মঙ্গলবার গুয়ান্তানামো যুদ্ধাপরাধ আদালতকে একথা জানিয়েছেন।
ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার গ্রহণকারি এবিসি টেলিভিশনের প্রতিবেদক জন মিলার জানান, আফ্রিকার দুটি দেশে মার্কিন দূতাবাসে আল কায়েদার হামলার দুই মাস আগে ওই সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি।
ওই সাংবাদিক জানান, ১৯৯৮ সালের ২৮ মে আফগানিস্তানের পাহাড়ি এলাকার এক গোপন আস্তানায় তিনি বিন লাদেনের সাক্ষাৎকার গ্রহণ করেন। আফগানিস্তানে আল কায়েদা ঘাঁটি পর্যন্ত পৌঁছানোর তার সফর ছিল থ্রিলার সিনেমার মতো রোমাঞ্চকর। বেশ কয়েকবার বিমান পরিবর্তন করে পাকিস্তান, সেখান থেকে রাতের অন্ধকারে সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তান এবং শেষ পর্যন্তস্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত চেকপয়েন্ট পাড়ি দিয়ে তিনি লাদেনের কাছে পৌঁছান বলেও তিনি জানান।
মিলার জানান, সাক্ষাৎকার ধারণের সময় তিনি ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের সঙ্গে তুলনা করে করে তাকে দিয়ে মার্কিন ইতিহাস সম্পর্কে কিছু বলার টোপ দিয়েছিলেন। তবে লাদেন মিলারের টোপ গ্রহণ না করলেও সাক্ষাৎকারটি ছিল কৌতুহল উদ্দীপক।
বর্তমানে এফবিআই'র মুখপাত্র জন মিলারের সাক্ষাৎকারের নির্বাচিত কিছু অংশ লাদেনের গাড়ি চালক হামদানের বিচারে প্রদর্শিত হয়েছে। সেখানে দেখা যায় মিলার বলছেন, "আপনি ঠিক টেডি রুজভেল্টের মধ্যপ্রাচ্য সংস্করণ।"
তবে হামদানের বিচারে লাদেনের এ সাক্ষাৎকার এবং মিলারের সাক্ষ্যইক গুরুত্ব বহন করছে সে বিষয়টি পরিষ্কার নয়।
এফবিআই'র মুখপাত্র মিলার বলেন, "তারা ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রে পরিচিত করতে চেয়েছিল।" একইসঙ্গে তিনি বলেন, "এতে তা হয়েছিল।"
মিলার আরও জানান, আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি তাকে ওই সময় বলেছিলেন, লাদেনের ধর্মীয় ভাবনা অনুসারে মুসলিমদের কর্তব্য বিষয়ক নিদর্শন দেখতে পাওয়া যাবে। জাওয়াহিরির জানান লাদেন মনে করেন "মার্কিনি এবং তার সামরিক বেসামরিক মিত্রদের হত্যা করা মুসলিমদের কর্তব্য"।
এর ঠিক দুই মাস পরে ১৯৯৮ সালের ৭ আগস্ট তানজানিয়া এবং কেনিয়ার মার্কিন দূতাবাসে আল কায়েদা হামলা চালায়।
এছাড়াও তিনি জানান, ওই হামলার পর তিনি আরেকবার ওসামা বিন লাদেনের সাক্ষাৎকার গ্রহণের চেষ্টা করেন। তখন পাকিস্তানে তার সূত্রকে টেলিফোন করেন জাওয়াহিরি। আল কায়েদার ওই দ্বিতীয় শীর্ষ নেতা বলেন, "যুদ্ধ শুরু হয়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৩৪ ঘ.
bdnews24