দ্য হেগ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বসনিয়া যুদ্ধের শীর্ষ যুদ্ধাপরাধী, যুদ্ধকালীন সার্ব নেতা রদোভান কারাদিচকে বুধবার নেদারল্যান্ডস এর হেগে জাতিসংঘ ট্রাইবুনালে হস্তান্তর করেছে সার্বিয়া। রটারডাম বিমানবন্দরে অবস্থানরত রয়টার্সের এক টেলিভিশন প্রতিবেদক কারাদিচকে বহনকারী বিমানটি সেখানে অবতরণ করার বিষয়ে নিশ্চিত করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত ১৯৯৫ সালের সার্বেনিসা গণহত্যার জন্য জাতিসংঘের যুদ্ধপরাধ ট্রাইবুনালে অভিযুক্ত হন কারাদজিচ। ১৯৯৬ সালে আত্মগোপনে চলে যান তিনি।
প্রায় ১১ বছর আত্মগোপনে থাকার পর গত সপ্তাহে বেলগ্রেডের কাছের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সার্বিয়ার সরকার। ১৯৯২-৯৫ সালের বসনিয়া যুদ্ধে সেখানকার সার্বদের নেতা কারাদিচ দুই দফায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হন।
কারাদজিচের বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার ১৫টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে আছে যুদ্ধাপরাধ, সারায়েভোতে প্রায় ১২,০০০ নাগরিককে হত্যার জন্য মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অন্যান্য বর্বরতার অভিযোগ, সার্বেনিসা হত্যাযজ্ঞের মাধ্যমে ৭,৫০০ মুসলিম তরুণ-তরুণী ও বয়স্ক ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, বসনিয়ার মুসলিম ও ক্রোট রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ অন্যান্যদের বেআইনীভাবে নির্বাসিত ও বাস্তুচ্যুত করার অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১০০ ঘ.
bdnews24