নাবলুস, পশ্চিম তীর, ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের অনুগত নিরাপত্তা বাহিনী সোমবার অধিকৃত পশ্চিম তীরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫০ জনেরও বেশি হামাসকর্মীকে গ্রেপ্তার করেছে। ফিলিস্তিনি গেরিলা দল হামাসের কয়েকটি সূত্র একথা জানিয়েছে।
শুক্রবার গাজায় বোমা হামলায় ৫ হামাস সদস্য নিহত হওয়ার পর ফাতাহ-হামাস উত্তেজনা বেড়েছে। হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর শুক্রবারের ওই বোমা হামলার প্রতিক্রিয়ায় ফাতাহর ওপর বড় ধরনের দমনাভিযান চালিয়েছে। ফাতাহ এর জবাবে পশ্চিম তীরে এই গ্রেপ্তার অভিযান চালাল।
পশ্চিম তীরের নাবলুসে আব্বাসের নিরাপত্তা বাহিনী সোমবার ৫০ জনেরও বেশি হামাস কর্মীকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আল-নাজাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকসহ স্থানীয় সিটি কাউন্সিলের সদস্যদেরও গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। হামাসের কয়েকটি সূত্র একথা বলেছে।
রোববার আব্বাসের বাহিনী জেনিনে অন্ততপক্ষে ২০ জনকে আটক করেছে এবং তুকার্মে আরও ১৫ জনকে আটক করেছে। ওদিকে, শুক্রবারের বোমা হামলার পর থেকে হামাস গাজায় প্রায় ২০০ ফাতাহ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। সোমবার থেকে তারা ওই অঞ্চলে তিনটি প্রধান ফিলিস্তিনি পত্রিকা বিতরণ বন্ধ করেছে। হামাস ওই পত্রিকা তিনটিকে ফাতাহপন্থী বলে মনে করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১২ঘ.
bdnews24