জেরুজালেম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/রয়টার্স) - ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ক্ষমতাচ্যুত করার প্রচারণায় যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। সোমবার তিনি অভিযোগ করেছেন, ওলমার্টের নেতৃত্বে পথ হারিয়েছে তাদের কাদিমা দলটি। আগামী সেপ্টেম্বরে রক্ষণশীল দলটির নেতৃত্ব পরিবর্তনের ভোটকে সামনে রেখে তিনি একথা বললেন।
জনমত জরিপে দেখা গেছে, কাদিমা পার্টির নেতা হিসেবে প্রধানমন্ত্রী ওলমার্টের সম্ভাব্য উত্তরসূরীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জিপি লিভনি। ইসরায়েলে একের পর এক ঘুষ ও দুর্নীতির অভিযোগে ওলমার্টের নেতৃত্ব নিয়ে হতাশার সৃষ্টি হয়েছে।
জেরুজালেমে এক সমাবেশে লিভনি বলেন, "কাদিমা প্রতিষ্ঠার অংশ হিসেবে যে আশাবাদের ধারণা ছিল তা পথিমধ্যে হারিয়ে গেছে"। এক মুখপাত্র প্রকাশিত তার বক্তব্যের লিখিত ভাষ্যে একথা বলা হয়েছে।
২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনের নেতৃত্বে কাদিমা পার্টি আত্মপ্রকাশ করে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের পর তখনকার ক্ষমতাসীন দল লিকুদ পার্টি ভাগ হয়ে গেলে এ নতুন দল প্রতিষ্ঠা করেন শ্যারন। ২০০৬ সালে স্ট্রোক করার পর শ্যারন কোমায় চলে গেলে এহুদ ওলমার্ট নেতৃত্বে আসেন।
ফিলিস্তিনি আলোচক আহমেদ কুরি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে বৈঠকের জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার আগে লিভনি এ মন্তব্য করলেন। আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট বুশের মেয়াদ শেষের আগেই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তির জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24