আহমেদাবাদ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-- ভারতের পশ্চিমাঞ্চলীয় নগরী আহমেদাবাদে শনিবার কমপক্ষে ১৬টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দক্ষিণের বড় নগরী ব্যাঙ্গালোরে আটটি বোমা বিস্ফোরিত হওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটলো। গত শুক্রবার ব্যাঙ্গালোরে কয়েক মিনিটের ব্যবধানে বোমাগুলো বিস্ফোরিত হয়।
এর আগে নয়া দিল্লি থেকে সিএনএন-আইবিএন-এর সাংবাদিক সুমন কে চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মধুকর গুপ্তের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের সংখ্যা কমপক্ষে ২৬।
স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার পর প্রায় ৯০ মিনিটের ব্যবধানে আবাসিক এলাকা, জনবহুল বাজার, একটি ট্রেন স্টেশন ও একটি বাসে এই বিস্ফোরণগুলো ঘটে। অধিকাংশ বিস্ফোরণ ঘটে শহরের মুসলিম অধ্যুষিত এলাকায়।
রাজ্যের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সাংবাদিকদের বলেন, "সবগুলো বিস্ফোরণই ঘটেছে ৯০ মিনিটের মধ্যে। অনগুলো হয়েছে শহরের পুরানো এলাকায়।"
পুলিশ জানিয়েছে দুই দফায় বিস্ফোরণগুলো হয়েছে। প্রথম দফায় বিস্ফোরণগুলো হয় একটি জনবহুল বাজার এলাকায়। পরে আরেক দফায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আরো অনেকগুলো বিস্ফোরণ হয় একটি হাসপাতাল এলাকায়। সেখানে কমপক্ষে ৬ জন নিহত হয়।
স্থানীয় অনেক টিলিভিশন চ্যানেল জানিয়েছে, যখনই বিস্ফোরণগুলো হয়েছে তখন তাদের কাছে একটি ই-মেইল পৌঁছেছে। এটি পাঠিয়েছে 'ইন্ডিয়ান মুজাহিদিন' নামে একটি সংগঠন। এই সংগঠনটিই গত মে মাসে জয়পুরে বোমা হামলার দায় স্বীকার করেছিল। জয়পুরে ছয়টি বোমা বিস্ফোরণে নিহত হয়েছিল ৬৩ জন।
এর আগে কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সাওয়াল সাহারা টেলিভিশনকে বলেন, "সাত থেকে আটটি বিস্ফোরণের কথা আমরা জানতে পেরেছি।"
তিনি আরও বলেন, "বোমাগুলো তেমন শক্তিশালী নয়।"
দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আরেক জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী শাকিল আহমেদ তখন জানিয়েছিলেন, কমপক্ষে দুজন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুজরাট রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা রয়টার্সকে বলেন, "ই-মেইলে সরকারকে একটি হুমকি দেওয়া হয়েছে। আমরা সেটি তদন্ত করে দেখছি।"
এর আগে স্থানীয় এক সাংসদ জানান, শহরের একটি হাসপাতালে আহত ২০ থেকে ৩০ জনকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/০১৫২ ঘ.
bdnews24