অ্যাস্পেন, কলোরাডো, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী জন ম্যাককেইন চীনের কাছে বন্দি তিব্বতীদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাতের পর তিনি এ আহ্বান জানান। একইসঙ্গে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ম্যাককেইন বলেন, "আমি চীনা নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি তিব্বতি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে তিব্বতিদের অভিযোগ থেকে মুক্তি দেওয়ার জন্য।" এ সময়ে ম্যাকেইনের পাশে তিব্বতিদের সর্বোচ্চ আধ্যাতিক নেতা দালাই লামাও উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, "মার্চের বিক্ষোভের পর থেকে যারা নিখোঁজ রয়েছে সেইসব তিব্বতি রাজনৈতিক বন্দিদের ছেড়ে দেওয়ার জন্য আমি চীনা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং তিব্বতের সঙ্গে তাৎপর্যপূর্ণ আলোচনা এবং তিব্বতে সত্যিকারের সায়ত্ত্বশাসন প্রদানের জন্যও আহ্বান জানাচ্ছি আমি"।
দালাই লামা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট পদপ্রার্থী চীনের মানবাধিকার পরিস্থিতি, গণতন্ত্র এবং পরিবেশগত ইস্যুতে "সত্যিাকারের উদ্বেগ" প্রকাশ করেছেন।
হোয়াইট হাউসের দৌঁড় জয়ে পররাষ্ট্র নীতিকেই তার মূল হাতিয়ার হিসেবে নিয়েছেন ম্যাাককেইন। তবে দালাই লামা তাকে সমর্থন করেছেন এমন কিছু দাবি করেন নি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২২৩ ঘ.
bdnews24