জাতিসংঘ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সফরের আগে মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কারে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রশ্নে বৃহস্পতিবার বিভক্ত হয়ে পড়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা।
গত মে মাসের প্রলয়ঙ্ককরী ঘূর্ণিঝড়ে ত্রাণ তৎপরতার পর জাতিসংঘ এখন সেনাশাসিত মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের দিকে নজর ফেরাতে চাইছে। ২ মের ঘূর্ণিঝড় নার্গিসের আঘাতে নিহত হয়েছিল প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষ।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি আগামী মাসে মিয়ানমার সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এবার সুনির্দিষ্ট ফলাফল চায়। তা না হলে মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জালমেই খালিদজাদ সাংবাদিকদের বলেন, "মিয়ানমার জান্তার উদ্দেশে আমি জানাতে চাই তারা যেন গাম্বারির সফরের সুযোগটি গ্রহণ করে। তারা যেন সঠিক পদক্ষেপ নেয়, তা না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত জন সাওয়ারসও জানিয়েছেন, জাতিসংঘকে এখন মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিৎ। তবে তিনি স্বীকার করেন, এ বিষয়ে তাদের ওপর চাপ প্রয়োগ প্রশ্নে নিরাপত্তা পরিষদে মতৈক্যে পৌঁছানো কঠিন হবে।"
তিনি বলেন, "মিয়ানমার সরকার আন্তজার্তিক দাবির প্রতি সাড়া দিচেছ না। এ নিয়ে আমরা বেশ জটিল পরিস্থিতির মধ্যে আছি।"
তিনি আরও বলেন, "গত ছয় মাসে দেশটির পরিস্থিতির আরও অবনতি হয়েছে।"
অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ওয়াং গুয়াংগে জানান, মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের কোনো ব্যবস্থা নেওয়ার দরকার নেই, বরং জাতিসংঘের উচিৎ ধৈর্য ধরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২০ ঘ.
bdnews24