বার্লিন, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইউরোপকে যুক্তরাষ্ট্রের পাশে চান ডেমোক্র্যাট সিনেটর বারাক ওবামা। বার্লিনে ২ লাখ মানুষের উপস্থিতিতে এক ভাষণে ওবামা নতুন হুমকির মুখে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ঐকবদ্ধ হয়ে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সেন্ট্রাল তিয়েরগার্টেন পার্কে বৃহস্পতিবারের ওই ভাষণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ওবামা বলেন, "ইউরোপ ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনও ভালো অংশীদার নেই।"
তিনি বলেন, "আমি আফগানিস্তান পরিস্থিতির চরম জটিলতার কথা স্বীকার করছি। কিন্তু ইউরোপ সীমান্তের বাইরে ন্যাটোর প্রথম মিশনের সাফল্য দেখার একটা সুযোগ আমাদের রয়েছে। আফগানিস্তানের জনগণের স্বার্থে এবং আমাদের অভিন্ন নিরাপত্তার স্বার্থে এই সফলতা আমাদেরকে পেতেই হবে। যুক্তরাষ্ট্র তা একা করতে পারবে না।"
ওবামার এই বক্তব্যের লক্ষ্য শুধু ইউরোপই নয় বরং মার্কিন ভোটাররাও। বৈদেশিক নীতিতে ওবামার অভিজ্ঞতা না থাকা নিয়ে সমালোচনা করে আসা ম্যাককেইনকে মোকাবেলা ওবামার এই বিদেশ সফরের লক্ষ্য।
অ্যারিজোনার রিপাবলিকান সিনেটর ম্যাককেইন এ যাবৎ বৈদেশিক নীতি নিয়ে প্রভাবশালী বক্তব্য দিয়েছেন এবং বৈদেশিক নীতিতে ওবামার অভিজ্ঞতা না থাকার কথা বলে এসেছেন। এরই জবাবে আফগানিস্তান, ইরাক, কুয়েত, জর্ডান, ইসরায়েল ও জার্মানি সফরে বেরিয়েছেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/০৮৫০ঘ.
bdnews24