হাস্টন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসিসিপি নদীতে তেল ভর্তি দুটো জাহাজের মুখোমুখি সংঘর্ষে বন্ধ হয়ে গেছে নিউ অরলিন্সের চারপাশের বিস্তীর্ণ প্রায় ৫৮ মাইল জলপথ। সংঘর্ষে জাহাজের তেলের ট্যাংক ফুটো হয়ে গ্যালন গ্যালন তেল নদীতে ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের উপকূলীয় গার্ডের মুখপাত্র একথা জানিয়েছেন।
দুটো জাহাজের একটি হচ্ছে এমভি টিনটোমারা। অপর জাহাজ 'অ্যামেরিকান কমার্শিয়াল লাইনস' এ তেল বহন করা হচ্ছিল। সংঘর্ষে এমভি টিনটেমোরার রাসায়নিক পদার্থ ভরা ট্যাংকটির কোনও ক্ষতি হয়নি।
কিন্তু অ্যামেরিকান কমার্শিয়াল লাইন্সের জ্বালানি তেল ভর্তি ট্যাংক থেকে নদীর অন্ততপক্ষে ১২ মাইল জুড়ে ছড়িয়ে পড়ছে ৪ লাখ ২০ হাজার গ্যালন ঘন তেল। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তেলের প্রভাব থেকে জলজীবদের রক্ষা করার চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছে লুইসিয়ানার পরিবেশ রক্ষা দপ্তর।
ঘটনাস্থল পরিদর্শন শেষে 'লুইসিয়ানা ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল কোয়ালিটি' এর মুখপাত্র রোডনি ম্যালেট বলেন, " প্রচুর পরিমাণে তেল ছড়িয়ে পড়ছে।"
ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়েছে এবং পরিবেশের ওপর তেলের প্রভাব খতিয়ে দেখা হচ্ছে।
নদীটি বন্ধ থাকা সম্পর্কে উপকূলীয় গার্ড এর মুখপাত্র বলেছেন, "নদীপথ বেশ কয়েক দিন বন্ধ রাখতে হতে পারে।" এছাড়াও ঘটনাস্থল পরিস্কার করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলে জানান তিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৪৬ ঘ.
bdnews24