নয়া দিল্লি, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আস্থাভোটে জিতে ভারতের ইউপিএ সরকার নতুন উদ্দমে কাজ শুরু করবে। তবে আগামী নির্বাচনের আগে বড় ধরনের কোনও অর্থনৈতিক সংস্কার আর সম্ভব হবে বলে আশা করছেন না বিশ্লেষকরা।
সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে- আস্থাভোটে জিতেই সরকারের এই ঘোষণায় বুধবার ভারতের শেয়ার বাজার এক মাসের মধ্যে সর্বোচ্চ ৫ শতাংশ বেড়েছে। তারপরও সরকারের সামনে আর এক বছরও নেই। এই সময়ে সংস্কার পরিকল্পনা নিয়ে সরকারের পক্ষে কতটা আগানো সম্ভব হবে তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে।
মুম্বাইয়ের আইসিআইসিআই সিকিউরিটিস লিমিটেডের অর্থনীতিবিদ এ প্রসন্ন বলেন, "সংস্কার নিয়ে কথা বলা একটা হুজুগ তোলা ছাড়া কিছুই নয়।"
তিনি আরও বলেন, "পেনশন, ইন্সুরেন্স ও ব্যাংকিং এর মতো খাতের সংস্কার করতে হলে অনেক প্রচেষ্টা দরকার। সরকারের হাতে ততটা সময় আদৌ নেই। কাজেই সরকার তা করতে পারবে বলে আমার মনে হয় না।"
মঙ্গলবার ভারতের পার্লামেন্ট লোকসভায় আস্থাভোটে ১৯ ভোটে জেতে মনমোহন সরকার। ৫৪৩ আসনের পার্লামেন্টে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পায় ২৭৫ ভোট। অন্যদিকে, বিপক্ষে পড়ে ২৫৬ ভোট।
আস্থাভোটে জয়ী হয়ে আগাম নির্বাচনের হাত থেকে রক্ষা পেল ইউপিএ জোট। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে সরকার এখন এগিয়ে যেতে পারবে। সাবেক বাম মিত্রদের বিরোধিতার কারনে চুক্তির কাজ চূড়ান্ত করতে সরকারকে ইতোমধ্যে চার বছর সময় ব্যয় করতে হয়েছে। এই চুক্তি সম্পন্ন হলে ভারতে আগামী ১৫ বছরে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ হবে।
এছাড়া গত চার বছরে বাম শরিকদের বিরোধিতার মুখে অথনৈতিক সংস্কারের পক্ষেও সেভাবে পদক্ষেপ নিতে পারেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। তবে এখন সরকারের অভ্যান্তর থেকে বামদের বিরোধিতা না থাকায় উদারপন্থি অর্থমন্ত্রী পালানিয়াপান চিদাম্বরমকে নিয়ে সাবেক সংস্কারবাদী অর্থমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং নিশ্চয় তার সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে চাইবেন।
আস্থাভোটের পর চিদাম্বরম সাংবাদিকদের বলেন, "পার্লামেন্টে আমাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। তারপরও নিজেদের সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য আমরা অন্য দলগুলোর সঙ্গে কাজ করব।"
তবে ইতোমধ্যে ১২ শতাংশের কাছাকাছি পৌঁছে যাওয়া অর্থনীতি ও গত কয়েক বছরে স্থানীয় নির্বাচনগুলোতে পরাজয়ের কারণে ইউপিএ'র পক্ষে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া অনেক কঠিন হয়ে পড়বে।
মনমোহনের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সৌমিত্র চৌধুরীও অর্থনৈতিক সংস্কার নিয়ে ততটা আশাবাদী নয়।
তিনি বললেন, "ইউপিএ সরকারের হাতে যে আট-নয় মাস সময় আছে তাতে তাদের পক্ষে হয়ত বেছে বেছেই এগুতে হবে। এর মধ্যে সম্ভবত প্রথমেই আসবে পেনশন বিল। তবে আমাদের দেখতে হবে সেখানে কতটা কাজ করা সম্ভব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ ঘ.
bdnews24