সিঙ্গাপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমার জান্তা সরকারকে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটানো এবং গণতান্ত্রিক সংস্কার সাধনের জন্য চাপ দিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট 'আসিয়ান' এর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস।
১০ সদস্যের জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এক বক্তব্যে রাইস বলেন, আসিয়ানের উচিত বিশেষত, অং সান সু চি সহ অন্য রাজবন্দিদের মুক্তির জন্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা। মিয়ানমারের ঘোরতর সমস্যার মূল কারণটি সামনে নিয়ে আসার ক্ষেত্রে আসিয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে বলেই আমরা মনে করি।"
রাইস আরও বলেন, "বার্মার জনগণ এবং আসিয়ানের স্বার্থেই রাজবন্দিদের মুক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য মিয়ানমারের নেতাদের রাজি করানো উচিত।"
মিয়ানমারে সংস্কারের জন্য বছরের পর বছর ধরে চেষ্টা করতে করতে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা এখন অনেকটাই হতাশ। রোববার একটি বিবৃতিতে তারা এ ব্যাপারে গভীর হতাশা প্রকাশ করেছেন। এতে তারা মিয়ানমারের জাতীয় সংহতি প্রক্রিয়ার আওতায় তারা সু চি সহ অন্যান্য রাজবন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানান।
কূটনীতিকরা বলছেন, অসিয়ান এই প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে সু চির মুক্তির আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৮ ঘ.
bdnews24