করাচি, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের ক্ষমতাসীন দলের প্রধান আসিফ আলী জারদারির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার করাচিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। পুলিশ এবং পার্টির কর্মকর্তারা একথা জানিয়েছেন।
জারদারি পাকিস্তানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। করাচিতে জারদারির এক মুখপাত্র জানান, ঘাতকেরা চোরাগোপ্তা হামলা চালিয়ে নিরাপত্তা কর্মকর্তা খালিদ শাহেনশাহ কে হত্যা করে।
করাচিতে খালিদের বাড়ির বাইরেই তাকে হত্যা করে বন্দুকধারীরা। তারা একটি সাদা গাড়ি থেকে বের হয়ে খালিদের ওপর গুলি চালায়। খালিদ ওই সময় তার বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার মিরজা সাংবাদিকদের একথা বলেন।
হত্যাকাণ্ডের সময় জারদারি ইসলামাবাদে ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৯ঘ.
bdnews24