২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকিদের কাছে জনপ্রিয় ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা ইরাকিদের মাঝে জনপ্রিয়। কালো মানুষ তাদের দু:খ বুঝবে--- দেশজুড়ে পরিচালিত বেশ কয়েকটি সাক্ষাৎকারে রয়টার্সকে এমন কথাই বলেছে ইরাকিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

বাগদাদ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা ইরাকিদের মাঝে জনপ্রিয়। কালো মানুষ তাদের দু:খ বুঝবে--- দেশজুড়ে পরিচালিত বেশ কয়েকটি সাক্ষাৎকারে রয়টার্সকে এমন কথাই বলেছে ইরাকিরা। ওবামা সোমবার ইরাকে সফরে যান। তিনি তার বৈদেশিক নীতির প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে চান এবং তার ইরাক নীতি নিয়ে প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের অভিযোগ খণ্ডন করতে চান। ইরাকিদের বিশ্বাস, ওবামা শুধু ইরাক নয় বরং গোটা বিশ্বের জন্যই ভালো নেতা হবেন। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা সিটির এক চাকরিজীবী মুস্তফা সালাহর উক্তি, "আমি ওবামাকে সমর্থন করি। তিনি ইরাক এবং গোটা বিশ্বের জন্য সবচে ভালো নেতা হবেন বলেও মনে করি।" উত্তর কিরকুকের এক ডাক্তার হিসাম ফাদহিল বলেন, "তিনি অন্যদের থেকে বেশি ভালো। কারণ, তিনি কালো মানুষ। আমেরিকায় কালো মানুষেরা নিপীড়িত। কাজেই তিনি আমাদের দুর্ভোগ বুঝতে পারবেন বলেই মনে করি।" ওবামার মা একজন শ্বেতাঙ্গ। আর বাবা কেনিয়ার একজন কৃষ্ণাঙ্গ। ওবামা নিজেকে কৃষ্ণাঙ্গ হিসাবেই পরিচয় দেন এবং প্রায়ই তার মিশ্র-সংস্কৃতির পরিবারে বেড়ে ওঠার কথা বলেন। কিরকুকের মোহাম্মদ কামিরুন এর কথায়, "ম্যাককেইন নন, ওবামাই ইরাকের জন্য ভালো হবেন। আমি যুক্তরাষ্ট্রে থাকার সময় বুঝেছি, ডেমোক্র্যাটরাই বেশি শান্তিপূর্ণ। তারা যুদ্ধ এড়িয়ে চলতে চায়।" তবে এসমস্ত কারণে ইরাকিরা ওবামাকে পছন্দ করলেও তার ইরাক নীতি নিয়ে মতভেদ আছে। বিশেষ করে ইরাক থেকে ওবামার সেনা সরানোর নীতি নিয়ে। কেউ বলছে, অবিলম্বে সেনা সরানো দরকার। আবার অনেকেই এর বিরোধিতা করে বলছে, ইরাকের নিরাপত্তা বাহিনী এখনও পুরোপুরি তৈরি নয়। ওবামার ১৬ মাসের মধ্যে সেনা সরানোর পরিকল্পনা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছে। বসরার একজন স্বতন্ত্র রাজনীতিবিদ মুনাধিল আল-মায়াহি বলেছেন, "ওবামা কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলছেন। এটি আসলে বাস্তবিক কোনও কিছু নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৯ঘ.