২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সফরে বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যোট দলের প্রার্থী বারাক ওবামা সোমবার ইরাক সফরে গেছেন। ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি এবং সেখান থেকে সেনা প্রত্যাহার নিয়ে ইরাকি নেতাদের সঙ্গে আলোচনা তার এ সফরের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

বাগদাদ, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যোট দলের প্রার্থী বারাক ওবামা সোমবার ইরাক সফরে গেছেন। ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি এবং সেখান থেকে সেনা প্রত্যাহার নিয়ে ইরাকি নেতাদের সঙ্গে আলোচনা তার এ সফরের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে। কয়েকদিন আগে এক বিবৃতিতে ইলিনয়ের এ সিনেটর বলেছেন, নির্বাচিত হলে ক্ষমতায় আসার ১৬ মাসের মধ্যে ইরাক থেকে সেনা ফিরিয়ে নিতে চান তিনি। ওবামার এ বিবৃতির সঙ্গে একমত পোষণ করা প্রসঙ্গে ইরাকি প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। একটি জার্মান ম্যাগাজিন ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সাক্ষাৎকার ছাপিয়ে দাবি করে যে, তিনি ওবামার এ সিদ্ধান্তের সঙ্গে একমত। কিন্তু এর পরদিনই ইরাক সরকারের মুখপাত্র ম্যাগাজিনটির ওই দাবি অস্বীকার করেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ এবং বিদেশি মার্কিন সেনা উপস্থিতির বিষয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন ম্যাককইেনের সঙ্গে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছেন ওবামা। বিদেশনীতিতে অপটু হিসেবে বিরোধীদের সমালোচনার জবাব দিতে যথেষ্ট সচেষ্ট হয়েছেন ওবামা। বিদেশে তার যোগাযোগ বৃদ্ধি এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নেওয়ার লক্ষেই আফগানিস্তান সফর শেষে যুক্তরাষ্ট্রের আরেক যুদ্ধক্ষেত্র ইরাকে তার এই সফর। বাগদাদের যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বলা হয়েছে, কংগ্রেস প্রতিনিধি দলের সদস্য হিসেবে এই সফর করছেন ওবামা। সেখানে উর্ধ্বতন ইরাকি নেতৃবৃন্দ এবং মার্কিন সেনা কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫৫ ঘ.