২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্লামেন্টে আস্থা ভোট জয়ে আত্মবিশ্বাসী ভারতীয় প্রধানমন্ত্রী

কমিউনিস্ট দলগুলো সমর্থন প্রত্যাহার করে নেয়ার পরও পার্লামেন্টের আস্থা ভোটে সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, "আমরা পার্লামেন্টে আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

নয়া দিল্লি, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটচকম/রয়টার্স) - কমিউনিস্ট দলগুলো সমর্থন প্রত্যাহার করে নেয়ার পরও পার্লামেন্টের আস্থা ভোটে সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। সোমবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আশাবাদ ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, "আমরা পার্লামেন্টে আমাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।" সোম ও মঙ্গলবার দুদিন পার্লামেন্টে আস্থা ভোট অনুষ্ঠিত হলেও মঙ্গলবারের ভোটেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তির প্রতিবাদে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বামদলগুলো। বামপন্থীদের এ সমর্থন প্রত্যাহার করে নেওয়ার ফলে আগাম নির্বাচন এড়ানোর জন্য অন্য দলগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন লাভ করার জন্য প্রধানমন্ত্রী মনমোহন সিং'কে পার্লামেন্টের আস্থা ভোটের সম্মুখীন হতে হচ্ছে। বামদলগুলো বের হয়ে যওয়ার পর সমাজবাদী পার্টির সমর্থনে সরকার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে আত্মবিশ্বাসী হয়ে উঠলেও অন্য দুটি ছোট দল জেডি (এস) এবং আরএলডি সরকারের বিপক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই দুটি দলে ছয়জন পার্লামেন্ট সদস্য রয়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, সরকার আশা করছেন বিরোধী দলের অনেক সদস্যই অনুপস্থিত থাকবেন এবং সরকারি দল বলছে, তাদের আস্থা ভোটে জেতার আত্মবিশ্বাস রয়েছে। কংগ্রেসের মুখপাত্র ভিরাপ্পা মৌলি আস্থা ভোটে জয়ী হওয়া বিষয়ে বলেন, "আমাদের প্রয়োজনীয় সংখ্যক সমর্থন রয়েছে। আমাদের সদস্যরা একতাবদ্ধ।" যদি আস্থা ভোটে মনমোহন সিং হেরে যান তবে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। এমনটি হলে এ বছরের শেষের দিকেই এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মনমোহন আস্থা ভোটে জয় পাওয়ার ব্যাপারে আস্থা প্রকাশ করলেও এ ভোটে পরাজয়ের সম্ভাবনাও সমান সমান। সিএনএন-আইবিএন এর সংবাদদাতা সুমন কে চক্রবর্তী জানিয়েছেন, আস্থাভোটের একেবারে মুখোমুখি দাঁড়িয়েও সরকার ও বিরোধীদল একে অপরকে দোষারোপ করছে। সব দল থেকে এমপিদের হাত করার সরকারের চেষ্টা অভিযোগের মাঝেই সরকার এখন বিরোধিদল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) ১০ এমপি'র ওপর ভরসা করতে চাইছে। যারা শেষ পর্যন্ত সরকারকে পক্ষে কাজ নাও করতে পারে। পার্লামেন্টের আস্থা ভোট জিততে ভারতের ইউপিএ সরকারকে ৫৪৭ সদস্যের মধ্যে কমপক্ষে ২৭২ সদস্যের ভোট পেতে হবে। অনেক বিশ্লেষক মনে করছেন, প্রয়োজনীয় সমর্থনের চেয়ে ১০ ভোট কম হতে পারে কংগ্রেসের পক্ষে। সর্বশেষ হিসাবমতে, সরকারের পক্ষে আছে ২৬৯ জন এমপি। বিপক্ষে আছে ২৬৮ জন এমপি এবং ৪ জন এখনও কোনও সিদ্ধান্তে আসেননি। সব মিলিয়ে সরকারের ভাগ্য এক ধরনের ভারসাম্যে ঝুলে রয়েছে। তবে এ বিষয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ের অধ্যাপক সুধা পাই বলেন, " কেউই নিশ্চিত নয়। এটা ধারণা করা খুবই কঠিন।" একই সঙ্গে তিনি বলেন, " আমাদের দেখা পার্লামেন্ট ভোটের মধ্যে সম্ভবত এটাই হবে সবচেয়ে কঠিন ভোট"। উল্লেখ্য, ১৯৯৯ সালে পার্লামেন্টের আস্থা ভোটে মাত্র এক ভোটের জন্য হেরে যায় ভারতীয় জনতা পার্টি-বিজেপি। ১৯৭৯ সালের পর প্রায় তিন দশকের মধ্যে লোক সভায় সোমবার নবম আস্থা ভোটের উদ্যোগ নিয়েছেন মনমোহন। আর গত ২৯ বছরে হয়ে যাওয়া ৮ টি আস্থা ভোটের মধ্যে সরকারের জয় হয়েছে ছয়টিতে। বাদবাকী দুটি আস্থাভোটে অন্তবর্তী প্রধানমন্ত্রী পার্লামেন্টের মুখোমুখি হওয়ার আগেই পদত্যাগ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪০৬ ঘ.