২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বশক্তির সঙ্গে পরমাণু আলোচনাকে অগ্রগতি মনে করছে ইরান

পরমাণু কর্মসূচি নিয়ে গত শনিবার জেনেভায় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের আলোচনা ব্যর্থ হলেও এই আলোচনাকে রোববার অগ্রগতি বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

তেহরান, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে গত শনিবার জেনেভায় পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের আলোচনা ব্যর্থ হলেও এই আলোচনাকে রোববার অগ্রগতি বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সুইজারল্যান্ডের জেনেভায় শনিবারের আলোচনার পর বিশ্বশক্তিগুলো ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধের আহ্বানের জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছে। এই সময়ের মধ্যে তারা জাবাব দিতে ব্যর্থ হলে আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপের কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। ইরানের প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলি জানিয়ে দিয়েছেন, পরমাণু সমৃদ্ধকরণ বন্ধে পশ্চিমা বিশ্বের দাবি নিয়ে তারা কোনো আলোচনাই করতে রাজি নয়। তবে ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন, "যে কোনো আলোচনাই সমস্যা সমাধানের পথে এক ধাপ অগ্রগতি।" রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ কথা জানিয়েছে। তিনি বলেন, "গতকালের আলোচনা এক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি।" গত শনিবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানার সঙ্গে ইরানের শীর্ষ পরমাণু আলোচক সাইদ জলিলির বৈঠক হয়। এই আলোচনায় প্রথমবারের মতো যোগ দেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। তবে সমস্যা সমাধানে চূড়ান্ত আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রধান শর্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ইরানের অস্বীকৃতির ফলে এই অলোচনায় কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস শনিবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, "যুক্তরাষ্ট্র চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং এটাই আমাদের অবস্থান। এই অবস্থানে আমরা অটুট থাকব।" তবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যখ্যান করে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রশ্নই আসে না।" সহযোগিতার বিনিময়ে পরমাণু প্রকল্প বন্ধে গত ১৪ জুন ইরানকে নতুন প্যাকেজ প্রস্তাব দেয় বিশ্বশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পক্ষে ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানা ওই প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনৌশের মোত্তাকির কাছে হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরানকে সতর্ক করে বলে আসছে পরমাণু প্রকল্প বন্ধ না করলে ইরানকে আরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে। তবে পশ্চিমা বিশ্বের অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষেই তা পরিচালিত হচ্ছে। ইরানের দাবি, এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.