২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা প্রত্যাহারে ওবামার পরিকল্পনা সমর্থন করেন না ইরাকি প্রধানমন্ত্রী

ইরাক থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামার পরিকল্পনা সমর্থন করেন না দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। একটি জার্মান ম্যাগাজিন এ বিষয়ে মালিকির মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। সরকারের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 11:02 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

বাগদাদ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক থেকে সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামার পরিকল্পনা সমর্থন করেন না দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি। একটি জার্মান ম্যাগাজিন এ বিষয়ে মালিকির মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে। সরকারের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন। এর আগে জার্মানির ডার স্পাইগেল ম্যাগাজিন জানায় এক সাক্ষাৎকারে ইরাকি প্রধানমন্ত্রী তাদের জানিয়েছেন যে, ১৬ মাসের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহারে ওবামার পরিকল্পনাকে সমর্থন করেন তিনি। ম্যাগাজিনটি শনিবার এ সাক্ষাৎকার ছাপে। পত্রিকাটি লেখে মালিকি বলেছেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা ১৬ মাসের কথা বলেছেন। আমরা মনে করি, সামান্য অদল-বদল করে সেনা প্রত্যাহারের সঠিক সময়সীমা এটি।" ইরাকি সরকারের মুখপাত্র আলি আল-দাব্বাঘ এক বিবৃতিতে বলেছেন, ম্যাগাজিনটি প্রধানমন্ত্রীর মন্তব্য সঠিকভাবে ছাপেনি। ইরাকি মুখপাত্র বলেন, মালিকি কিংবা সরকারের অন্য কারও মন্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না। বুশ প্রশাসন দীর্ঘদিন ধরেই ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার বিরোধিতা করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫৪ ঘ.