জেনেভা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের দেওয়া প্যাকেজ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিলেও ইরান জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। ইরানের কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।
শনিবার জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানার সঙ্গে ইরানের শীর্ষ পরমাণু আলোচকের বৈঠক হওয়ার কথা আছে। এই আলোচনায় প্রথমবারের মতো যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তার।
তবে সমস্যা সমাধানে চূড়ান্ত আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রধান শর্ত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ইরানের অস্বীকৃতির ফলে এই অলোচনায় কোনো অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, "যুক্তরাষ্ট্র চায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং এটাই আমাদের অবস্থান। এই অবস্থানে আমরা অটুট থাকব।"
তবে যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যখ্যান করে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের প্রশ্নই আসে না।"
সুইজারল্যান্ডে ইরানের রাষ্ট্রদূত কেভান ইমানি সাংবাদিকদের বলেন, "ইউরেনিয়াম সদৃদ্ধকরণের দাবি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। আলোচনার জন্য এই শর্ত আমরা কখনো মানব না।"
তিনি আরও বলেন, "আমাদের মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরিস্কারভাবে বলেছেন, আমরা আমাদের দাবি কখনো ছাড়ব না।"
সহযোগিতার বিনিময়ে পরমাণু প্রকল্প বন্ধে গত ১৪ জুন ইরানকে নতুন প্যাকেজ প্রস্তাব দেয় বিশ্বশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পক্ষে ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জেভিয়ার সোলানা ওই প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনৌশের মোত্তাকির কাছে হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরানকে সতর্ক করে বলে আসছে পরমাণু প্রকল্প বন্ধ না করলে ইরানকে আরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।
তবে পশ্চিমা বিশ্বের অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষেই তা পরিচালিত হচ্ছে।
ইরানের দাবি, এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০৫ ঘ.
bdnews24