কাবুল, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বিমান হামলায় ৫০ বেসামরিক আফগান নাগরিক নিহত হওয়ার খবর শুক্রবার প্রত্যাখ্যান করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী। বৃহস্পতিবার আফগান কর্মকর্তারা জানিয়েছিল, পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার এক আঞ্চলিক পুলিশ কর্মকর্তা জানান, কমপক্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া প্রত্যক্ষদর্শীরা জানায় ওই হামলায় ১৭ জন আহত হয়েছে।
কিন্তু ভিন্ন খবরে সিনদান্দ জেলার প্রধান মোল্লাহ লাল মোহাম্মদ ও আদিবাসী নেতা হাজী জালমাই জানান, হেরাত প্রদেশের ফারমাকান ও বাখতাবাদ গ্রামে বিমান হামলায় ৫০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে।
ন্যাটো বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সিনদান্দ এলাকায় অনুসন্ধান চালিয়ে দেখেছে তাদের হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এতে বলা হয়, "আমরা বিস্তারিত তদন্ত করে জানতে পেরেছি, ওই গ্রাম থেকে কমপক্ষে ১৩ কিলোমিটার দূরে ওই হামলা হয়েছে।"
বৃহস্পতিবার মার্কিন বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছিল, "গুরুত্বপূর্ণ তালেবান লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ওই হামলা চালানো হয়েছে। এতে দুই তালেবান নেতা ও বেশ কয়েকজন বিদ্রোহী নিহত হয়েছে।" তবে হামলায় বেসামরিক হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৪ ঘ.
bdnews24